সর্বশেষ সংবাদ :

সাংবাদিক হত্যার প্রতিবাদে বদলগাছীতে মানববন্ধন

বদলগাছী প্রতিনিধি: গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্য হত্যা সহ সারাদেশে সাংবাদিকদের গুম, খুন, মামলা, হয়রানির প্রতিবাদে নওগাঁর বদলগাছীতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা সাড়ে ১১টার দিকে বদলগাছী উপজেলার সাংবাদিকদের আয়োজনে উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
এ সময় বদলগাছী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জর গিফারীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বদলগাছী প্রেসক্লাবের সভাপতি সহিদুল ইসলাম দবির, বদলগাছী প্রেসক্লাবের সাবেক সভাপতি এমদাদুল হক দুলু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাসানুজ্জামান, সাংবাদিক সংস্থা বদলগাছীর সভাপতি শহিদুল ইসলাম, বদলগাছী মডেল প্রেসক্লাবের সভাপতি ফেরদৌস হোসেন প্রমূখ।
বক্তারা বলেন, গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তুহিন দায়িত্ব পালন করতে গিয়ে সন্ত্রাসীদের হাতে প্রাণ দিয়েছেন। সাংবাদিক নির্যাতন ও হত্যার ঘটনা বন্ধ করতে হবে। সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করতে হবে।
তারা আরও বলেন, সাগর-রুনির হত্যার ১৩ বছরেও বিচার হয়নি। শতাধিক বার তদন্ত প্রতিবেদন জমার তারিখ পিছিয়েছে এটি সাংবাদিক সমাজের জন্য গভীর হতাশার। তুহিন হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের নৃশংস ঘটনা আর না ঘটে।


প্রকাশিত: August 11, 2025 | সময়: 3:29 am | সুমন শেখ

আরও খবর