সর্বশেষ সংবাদ :

পৌর ছাত্রদলের আহ্বায়ককে হুমকির অডিও ভাইরাল বড়াইগ্রামে উপজেলা ছাত্রদলের আহ্বায়ককে শোকজ

বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম পৌর ছাত্রদলের আহ্বায়ক মাসুম রেজাকে মোবাইলে উপজেলা ছাত্রদলের আহবায়ক জাহিদ হাসান বিপুলের দেয়া হুমকির অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে উপজেলা ছাত্রদলের আহ্বায়ককে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শোকজ করেছে জেলা ছাত্রদল।
শনিবার রাতে জেলা সভাপতি কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজনের নির্দেশনা মোতাবেক দপ্তর সম্পাদক আসিফ ইকবাল নতুন এই শোকজ করেন। আগামী পাঁচ দিনের মধ্যে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ৫ আগস্টে অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষ্যে পৌর বিএনপি আনন্দ র‌্যালীর উদ্যোগ নেয়। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান বিপুল পৌর ছাত্রদলের আহ্বায়ক মাসুম রেজাকে এ অনুষ্ঠানে যোগ দিতে নিষেধ করে। কিন্তু মাসুম তাতে রাজি না হওয়ায় বিপুল তাকে মোবাইল ফোনে বিভিন্ন হুমকি প্রদান করেন। যা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। পরে মাসুম রেজা বিষয়টি জেলা কমিটিকে জানালে তারা এ শোকজ করেন।
পৌর ছাত্রদলের আহ্বায়ক মাসুম রেজা বলেন, আমি ৫ আগষ্টের অনুষ্ঠানে যোগ দেয়ায় বিপুল জেলা বিএনপির নেতাদের নিয়ে কটুক্তি করে ও আমাকে মারপিটের হুমকি দেয়। এর আগেও তিনি আমাকে হুমকি দিয়েছেন। এবার আমি বিষয়টি জেলা নেতৃবৃন্দকে মৌখিক ভাবে জানিয়েছি।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান বিপুল বলেন, মাসুম রেজা আমার বাল্য বন্ধু। সামান্য ভুল বোঝাবুঝি হয়েছে। দ্রুত সমাধান হয়ে যাবে। জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম বলেন, শৃঙ্খলা ভঙ্গের কোন সুযোগ ছাত্রদলে নেই। সে যেই হোক তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।


প্রকাশিত: August 11, 2025 | সময়: 3:28 am | সুমন শেখ

আরও খবর