বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণ সাড়ে তিন মাস পর গ্রেপ্তার যুবক

স্টাফ রিপোর্টার: বিয়ের আশ্বাস দিয়ে এক তরুণীকে অপহরণ করে একাধিকবার ধর্ষণের অভিযোগে সাড়ে তিন মাস পর শাহীন আলী ওরফে সৈকত (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার দিবাগত রাতে রাজশাহীর চারঘাট উপজেলার পাইটখালি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (৫ আগস্ট) সকালে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫ জানায়, ভুক্তভোগী ২৫ বছর বয়সী নারী রাজশাহী মহানগরীর দামকুড়া থানার বাসিন্দা। স্বামীর সঙ্গে দাম্পত্য কলহের জেরে তিনি বাবার বাড়িতে অবস্থান করছিলেন। সেই সুযোগে শাহীন প্রেমের সম্পর্ক গড়ে তোলেন এবং ২৪ ফেব্রুয়ারি বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে চাঁপাইনবাবগঞ্জে নিয়ে যান।
সেখানে সদর উপজেলার আমনুরা এলাকায় একটি ভাড়া বাসায় ১ মার্চ পর্যন্ত অবস্থান করে শাহীন একাধিকবার তাকে ধর্ষণ করেন। পরে হঠাৎ করে ওই নারীকে রেখে শাহীন পালিয়ে যান। ঘটনার পর ভুক্তভোগীর মা দামকুড়া থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। এরপর থেকে শাহীন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সোমবার রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে এবং পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।


প্রকাশিত: আগস্ট ৭, ২০২৫ | সময়: ৫:০৩ পূর্বাহ্ণ | সুমন শেখ