আওয়ামী লীগের পতনের বর্ষপূর্তিতে দূর্গাপুরে আনন্দ উল্লাস ও মিছিল

জুবায়ের তুহিন, ডিজিটাল :

“জনগণের বাংলায় স্বৈরাচারের ঠাঁয় নাই ” — এই শ্লোগানে বিএনপি’র আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২০২৪ সালের সেই উত্তাল জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের একবছর পর আবারও রাজপথ দাপিয়ে বেড়ালো মানুষের বিজয়ের কণ্ঠস্বর। হাজারো নেতা-কর্মীর অংশগ্রহণে দুর্গাপুরে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য আনন্দ মিছিল ও আলোচনাসভা — গণতন্ত্রের পক্ষে, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে।

মঙ্গলবার বিকেলে উপজেলা ও পৌর বিএনপির ব্যানারে শুরু হয় এই আনন্দ মিছিল, ইতিহাসকে স্মরণ, ভবিষ্যতের বাংলাদেশের স্বপ্নকে দৃঢ় করার শপথ। মিছিলটি দুর্গাপুর পৌরসভা প্রাঙ্গণ থেকে যাত্রা শুরু করে উপজেলা গোলচত্বর ঘুরে শেষ হয় জিয়া চত্বরে এসে। স্লোগানে, ব্যানারে, আর উদ্দীপ্ত কণ্ঠে ফুটে উঠছিল একটাই বার্তা— ‘ভয় নেই, জনগণ জেগে আছে’।

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির সদস্য সাইদুর রহমান মুন্টু, উপজেলা বিএনপির সদস্য মো. জার্জিস হোসেন সোহেল, সাবেক সাধারণ সম্পাদক হাসান ফারুক ইমাম সুমন, আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল, সদস্য সচিব অধ্যাপক জুবায়েদ হোসেন এবং যুবদলের সাবেক আহ্বায়ক চয়েন উদ্দিন শেখসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মিছিলটি যেন ছিল প্রতীকী নয়, বাস্তব এক ঘোষণা— স্বৈরাচারী শাসনের দিন শেষ, নতুন বাংলাদেশের অভিযাত্রা শুরু। উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে আসা হাজারো নেতাকর্মীর ঢলে জনসমুদ্রে রূপ নেয় উপজেলার রাস্তাঘাট।

উল্লেখ্য, ২০২৪ সালের এই দিনে ছাত্র-জনতার সম্মিলিত শক্তিতে পতন ঘটে ফ্যাসিস্ট হাসিনা সরকারের। রাজপথে রচিত হয় প্রতিরোধের নতুন কাব্য। সেই মুহূর্ত আজ ইতিহাস, আর সেই ইতিহাস আজ নতুন প্রজন্মের অনুপ্রেরণা।

তুহিন /শামি


প্রকাশিত: আগস্ট ৫, ২০২৫ | সময়: ৮:০৩ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর