বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলায় যমুনা নদীতে গরুচোর সন্দেহে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে মর্গে রেখেছে। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। রোববার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের পাঁচঠাকুরি এলাকায় যমুনা নদী থেকে লাশ দুটি উদ্ধার করে পুলিশ।
সিরাজগঞ্জ সদর থানার তদন্ত কর্মকর্তা আহসানুজ্জামান বলেন, রাত ১১টার দিকে খবর আসে পাঁচঠাকুরী এলাকায় যমুনা নদীতে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থল যাই। সেখানে একজনকে মৃত অবস্থায় পাই। একজনকে আহত অবস্থায় উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, শোনা যাচ্ছে বগুড়ার সারিয়াকান্দি থেকে গরু চুরি করে নদীপথে আনা হচ্ছিলো। পরে পাঁচঠাকুরী এলাকায় চোর সন্দেহে গণপিটুনির ঘটনা ঘটে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে।
সিরাজগঞ্জ নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, স্থানীয়দের দাবি অনুযায়ী গরু চুরি করে যমুনা নদী পার হওয়ার সময় নৌকায় থাকা তিনটি গরুসহ দুই ব্যক্তিকে ধরে ফেলে গ্রামবাসী। এরপর উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দেয়। এতে দুইজনের মৃত্যু হয়েছে। লাশ দুটি সিরাজগঞ্জ শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।