, , ।
স্টাফ রিপোর্টার, নাটোর: নাটোর চিনিকলে অস্ত্রের মুখে নিরাপত্তা কর্মীদের বেঁধে রেখে দুর্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় চিনিকলের বিপুল পরিমাণ মালামাল লুট করে ডাকাতরা। শনিবার রাত ২ টার দিকে ব্যাপক বৃষ্টিপাতের সময় শহরের হুগলবাড়িয়া এলাকায় নাটোর চিনিকলে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা লাখ লাখ টাকার যন্ত্রাংশ লুট করে নিয়ে যায়, তবে কি পরিমাণ মালামাল লুট হয়েছে তা এখনো জানা যায়নি। এ ঘটনায় তদন্ত চলছে।
নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আখলাছুর রহমান বলেন, শনিবার রাতে নাটোর চিনিকলে দায়িত্বে থাকা গার্ডরা পাহাড়ায় ছিলেন। মধ্যরাতে গার্ডদের বেঁধে রেখে ডাকাতদল মালামাল ডাকাতি করে নিয়ে যায়। তবে কি পরিমান মালামাল ডাকাতি হয়েছে, তা তদন্ত চলছে। তদন্তের পর সঠিক হিসাব দিতে পারবেন বলে এ কর্মকর্তা জানান।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, বিষয়টি জানার পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের কাজ চলছে। তদন্তের পর কি পরিমাণে মালামাল লুট হয়েছে, তা জানা যাবে। এ কাজের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। এছাড়া মিলের কেউ এ ঘটনার সাথে জড়িত কিনা তাও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।