বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, নাটোর: নাটোরে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘আপনারা প্রায়ই শোনেন ল এন্ড অর্ডার কাজ করছে না, পুলিশ কাজ করছে না, করবে কিভাবে স্ট্রাকচার নাই। আইনের স্ট্রাকচার শেষ, প্রশাসনেরও স্ট্রাকচার শেষ। দেশের সব প্রশাসনিক ব্যবস্থা ভেঙে পড়েছে। এক বছরে তা ঠিক করা সম্ভব নয়। রোববার সকালে নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের চেক হস্তান্তর অনুষ্ঠানে জেলা প্রশাসক আসমা শাহিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা সাখাওয়াত হোসেন শ্রমিক নেতাদের উদ্দেশ্যে বলেন, এমনিতেই দেশের পুলিশ এবং প্রশাসনের সব সেক্টর ভেঙে পড়েছে। শ্রমিকরা যদি বিশৃঙ্খলা করে তাহলে পরিস্থিতি আরও খারাপ হবে।
তিনি আরো বলেন, দেশ শুধু গার্মেন্টস এবং জনশক্তি খাতেই রপ্তানি করছে। এই দুটি খাতকে টিকিয়ে রাখার পাশাপাশি রপ্তানিমুখী আরও খাত তৈরি করতে হবে। শিপ বিল্ডিং একটি সম্ভাবনাময় খাত। সেটা নিয়ে সরকার কাজ করছে।
এসময় উপস্থিত ছিলেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান, পুলিশ সুপার আমজাদ হুসাইন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর পাবনার উপ-পরিচালক শেখ আসাদুজ্জামান, বিভাগীয় শ্রম দপ্তর উপ-পরিচালক শফিকুল ইসলাম সহ জেলার কর্মকর্তা।
পরে বাংলাদেশ শ্রমিক কল্যান ফাউন্ডেশনের ২২ জন শ্রমিকরে মাঝে ১২ লাখ ৩০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।