সর্বশেষ সংবাদ :

মালয়েশিয়ায় সড়কে প্রাণ গেল ৩ বাংলাদেশি শ্রমিকের

সানশাইন ডেস্ক: মালয়েশিয়ার পাহাং রাজ্যের কুয়ানতানে মহাসড়কে দুর্ঘটনায় ৩ বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও দুইজন। নিহতরা হলেন- গাড়িচালক মো. সাবের হাসান (৩০), যাত্রী মো. জাহিদ হাসান (২১) এবং আবদুল্লাহ (২৪)। তারা ঘটনাস্থলেই প্রাণ হারান।
আহতরা হলেন মো. হাবিব বিশ্বাস (৪৫) ও মণীরাম চন্দ্র (৪০)। তাদের উদ্ধার করে কুয়ানতানের তেংকু আম্পুয়ান আফজান হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় পূর্ব উপকূল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে দ্য স্টারসহ মালয়েশিয়ার একাধিক গণমাধ্যম জানিয়েছে।
কুয়ানতান জেলা পুলিশের ভারপ্রাপ্ত প্রধান কর্মকর্তা মো. আদলি মাত দাউদ সাংবাদিকদের জানান, দুর্ঘটনার সময় যাত্রীরা গাড়িতে করে কুয়ানতান থেকে কুয়ালালামপুর যাচ্ছিলেন। পথিমধ্যে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারালে সেটি রাস্তার বাঁ দিকে ছিটকে পড়ে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গাড়িচালক সাবের হাসানের বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না। পাশাপাশি, গাড়িটির রোড ট্যাক্সের মেয়াদ গত মে মাসেই শেষ হয়ে গিয়েছে।
ঘটনার তদন্ত চলছে। এটি মালয়েশিয়ার ১৯৮৭ সালের সড়ক পরিবহন আইনের ৪১(১) ধারায় (সড়ক দুর্ঘটনায় প্রাণহানি) মামলা হিসেবে নেওয়া হয়েছে। পুলিশ জানায়, নিহতদের আত্মীয়স্বজন ও নিয়োগকর্তাদের শনাক্ত করার চেষ্টা চালছে। দুর্ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী থাকলে তাদের সঙ্গে যোগাযোগের অনুরোধ জানায় তারা।


প্রকাশিত: August 3, 2025 | সময়: 5:42 am | সুমন শেখ

আরও খবর