, , ।
স্টাফ রিপোটার: নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন শনিবার দুপুরে ইউসেপ রাজশাহী টিভিইিটি ইনস্টিটিউট পরিদর্শন করেন। প্রকল্পের কার্যক্রম পরির্দশন শেষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত এবং ইউসেপ বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত “শিল্পের উৎপাদনশীলতা বৃদ্ধিতে পিছিয়ে পড়া যুব সমাজকে শিল্প শ্রমিকে রুপান্তর” শীর্ষক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
এ সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ.এইচ.এম সফিকুজ্জামান, ইউসেপ বাংলাদেশ এর নির্বাহী পরিচালক মোঃ আবদুল করিম (সাবেক মুখ্য সচিব), ইউসেপ বাংলাদেশের রিজিওনাল ম্যানেজার শাহিনুল ইসলামসহ ইউসেপ রাজশাহী টিভিইটি ইনস্টিটিউটের প্রশিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। উপদেষ্টা ইউসেপ বাংলাদেশের ভূয়সী প্রসংশা করে বলেন যে, ইউসেপ বাংলাদেশ শিশু ও যুবাদের জীবনের লক্ষ্য অর্জনে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে সহায়ক ভূমিকা পালন করছে যা বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তনে অবদান রাখছে।
ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক বলেন, বাংলাদেশের সুবিধা বঞ্চিত শিশু ও যুবাদের কারিগরি শিক্ষার মাধ্যমে আলোকিত করতে এবং তাদের জন্য শোভন কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য ইউসেপ বাংলাদেশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
উল্লেখ্য যে, ১৯৭২ সাল থেকে ইউসেপ বাংলাদেশ সুবিধা বঞ্চিত শ্রমজীবী শিশু ও যুবাদের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ প্রদান এবং প্রশিক্ষণপ্রাপ্ত গ্রাজুয়েটদের শোভন কর্মসংস্থানে সহযোগিতা প্রদান এবং এন্টাপ্রিনিয়ারশীপ ডেভেলপমেন্টে নিরলসভাবে কাজ করে আসছে।