সর্বশেষ সংবাদ :

চিকিৎসক সঙ্কটে ধুকছে চারঘাট স্বাস্থ্য কমপ্লেক্স

মিজানুর রহমান, চারঘাট: চারঘাটে ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। রয়েছে বিভিন্ন পদের কর্মচারী সংকট। প্রায় ৫ লাখ জনবসতির চিকিৎসাসেবার একমাত্র ভরসা এ হাসপাতালটি নিজেই আজ অসুস্থ হয়ে পড়েছে। এতে চিকিৎসাসেবা বঞ্চিত হচ্ছেন উপজেলার সাধারণ মানুষ। চিকিৎসাসেবার মান নিশ্চিতে মনিটরিং জোরদার ও সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহত্তর জনগোষ্ঠীর চিকিৎসাসেবা প্রদানের জন্য ৫০ শয্যাবিশিষ্ট এই হাসপাতালে অনুমোদিত চিকিৎসকের পদ রয়েছে ৩৩ টি। শূন্য রয়েছে এর ২৪টি পদ। মাত্র ৯ জন চিকিৎসক দিয়ে চলছে হাসপাতালটি। ক্লিনার ৫ জনের স্থলে রয়েছে একজন, আয়ার দুটি পদ শূন্য। প্রায় এক বছর ধরে কার্ডিওলজি, অর্থপেডিক্স, সার্জারি, ইএনটি, অপথোমেলোজি ও সার্জারি বিভাগে চিকিৎসক নেই। টেকনিশিয়ান ও অপারেটরের অভাবে পড়ে আছে এক্স-রে ও ইসিজি। বদলি, প্রশাসনিক কাজ, ডেপুটেশন ও উচ্চতর শিক্ষা ছুটিতে থাকায় হাসপাতালে রোগীদের অন্যান্য সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে কর্মরত ডাক্তার, নার্সদের।
এ হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসা নিতে আসা রোগীদের অভিযোগের অন্ত নেই। চিকিৎসা নিতে আসা রোগীরা পদে পদে ভোগান্তির শিকার হচ্ছেন। চিকিৎসক সংকটে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করার পরও রোগীরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত। হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন গড়ে প্রায় ৫০০ রোগী চিকিৎসাসেবা নিতে আসেন। মাত্র ৯ জন মেডিকেল অফিসার দিয়ে রোগীদের চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে বলে জানিয়েছেন মেডিকেল অফিসাররা। চিকিৎসকদের দাবি , চিকিৎসক সংকটে আমাদের অতিরিক্ত চাপ নিয়ে কাজ করতে হচ্ছে। দাতের চিকিৎসা নিতে আসা রবিউল ইসলাম নামের এক রোগী বলেন, হাসপাতালে নামে মাত্র ডেন্টাল ইউনিট রয়েছে। ডেন্টাল চিকিৎসার জন্য ন্যূনতম প্রাথমিক চিকিৎসা দেওয়ার সরঞ্জাম নেই। রোগীদের শুধু প্রেসক্রিপশন প্রদান ছাড়া আর কোন চিকিৎসা পাওয়া যায় না।।
নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে অভিযোগ করে বলেন, ডাক্তার সংকটে অধিকাংশ ক্ষেত্রে তাদের অবৈধভাবে গড়ে ওঠা স্থানীয় ক্লিনিকগুলোতে গিয়ে অতিরিক্ত ফি দিয়ে চিকিৎসাসেবা নিতে হয়। চিকিৎসাসেবা নিতে আসা মিয়াপুর গ্রামের মায়েন উদ্দীন জানান, এ হাসপাতালটিতে চিকিৎসাসেবার মান নেই বললেই চলে। এছাড়া দিনে কয়েকজন চিকিৎসকের দেখা মিললেও রাতে চিকিৎসকের দেখা মেলা ভার।
চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প.প. কর্মকর্তা ডা. তৌফিক রেজা বলেন, হাসপাতালে কনসালটেন্টসহ চিকিৎসক সংকটে রয়েছে। এতে সমস্যা তো হচ্ছেই। শতভাগ ইচ্ছে থাকলেও অতিরিক্ত চাপ ও দায়িত্ব নিয়ে চিকিৎসাসেবা দেওয়া কঠিন হয়ে পড়ছে। স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন শূন্যপদে ডাক্তার, টেকনিশিয়ান ও অপারেটরদের চাহিদা ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। শিগগিরই চিকিৎসক সংকটের সমস্যা সমাধান করা হবে বলে জানান তিনি।


প্রকাশিত: August 2, 2025 | সময়: 4:58 am | সুমন শেখ