সর্বশেষ সংবাদ :

বড়াইগ্রামে জামায়াত-বিএনপির চার নেতাকর্মীর মুক্তির দাবি মানববন্ধনে

বড়াইগ্রাম প্রতিনিধি: বড়াইগ্রামে জমির মালিকানা নিয়ে দ্বন্দ্বের জেরে চাঁদাবাজির মিথ্যা মামলায় বয়োবৃদ্ধ পিতা সহ জামায়াত-বিএনপির নেতাকর্মী তিন ছেলেকে ফাঁসানোর প্রতিবাদে ও তাদের মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার উপজেলার আহম্মেদপুর বাসস্ট্যান্ডে নাটোর-পাবনা মহাসড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনকালে আহম্মেদপুর বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির সভাপতি প্রভাষক ইয়াকুব আলী, জোয়াড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন মেম্বার, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-সম্পাদক জালাল উদ্দিন, জামায়াত নেতা আব্দুল মালেক, বিএনপি নেতা রেজাউল করিম ভূট্টু, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা যুগ্ম সমন্বয়কারী হাফিজুর রহমান ময়না, গৃহবধূ আন্না বেগম ও আফরোজা বেগম বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, নওপাড়া গ্রামের জাহাঙ্গীর আলম, কোরবান আলী, শাহ আলম ও মোতালেব হোসেন আহম্মেদপুর বাসস্ট্যান্ডে ২২ শতক জমি কিনেন। কিন্তু তারা আহম্মেদপুর গ্রামের মুজিবুর রহমানের ৭ শতক সহ পুরো জমিতে মার্কেট নির্মাণ করেন। মুজিবুর তাদের অংশের জমি ছাড়তে বললেও তারা ছাড়েনি।
এমনকি তারা এ ব্যাপারে সালিশ বৈঠকও অমান্য করায় মুজিবুরের ছেলেরা তাদের জমিতে থাকা ১১টি দোকানে তালা দেয়। এ সুযোগে তারা প্রশাসনকে চাঁদা দাবির মিথ্যা তথ্য দিয়ে প্রভাবিত করে মুজিবুর রহমান, তার তিন ছেলে ওয়ার্ড জামায়াতের সভাপতি রুহুল আমিন, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সম্পাদক হায়দার আলী ও জামায়াত কর্মী আজিমউদ্দিনকে গ্রেপ্তার করায়। বর্তমানে তারা বিনা দোষে জেল খাটছেন।
বক্তারা অবিলম্বে নির্দোষ পিতা ও তিন ছেলের মুক্তি সহ চাঁদাবাজির কথিত অভিযোগকারী ভূমি দখলকারীদের গ্রেপ্তারের দাবি জানান। অন্যথায় আগামীতে মহাসড়ক অবরোধ সহ বৃহত্তর কর্মসূচি দেয়ার হুমকি দেন তারা।


প্রকাশিত: August 2, 2025 | সময়: 4:52 am | সুমন শেখ