, , ।
গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর বিএডিসি সার গুদামে আধিপত্য বিস্তার নিয়ে শ্রমিকদের দুপক্ষের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রহনপুর পৌর এলাকার হুজরাপুরে অবস্থিত বিএডিসি সার গুদামে এ ঘটনা ঘটে।
ওই এলাকায় প্রায় ঘন্টা ব্যাপি চলা সংঘর্ষে প্রায় ৫টি মোটর সাইকেল ভাংচুরের ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা ও পুলিশ জানায়, ওই সারগুদামের শ্রমিকদের নিয়ন্ত্রণ নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। দেশের পট পরিবর্তনের পর আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের বিরোধের জের ধরে এ সংঘর্ষের এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়। আহতরা হলো সজীব (২৬), উজ্জ্বল (২৮), সাহেদ (২৬), সোহেল (৩০), মাসুদ রানা পালানু (৩৫), আশিক (২৫)।
আহতদের মধ্যে ১ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে বলে জানান হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রাহাত আলী।
এ বিষয়ে বিএডিসি সার গুদামে উপসহকারী পরিচালক মাহতাবউদ্দিন জানান, শ্রমিক ও ঠিকাদারের বিরোধের জের ধরে সংঘর্ষের এ ঘটনা ঘটে। বর্তমানে গুদামের পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। উভয়পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা চলছে বলে তিনি জানান।
গোমস্তাপুর থানার ওসি ওয়াদুদ আলম জানান, সংঘর্ষের সংবাদ পেয়ে থানা ও ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।