সর্বশেষ সংবাদ :

তানোরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পাঁকাবাড়ি নির্মাণ

স্টাফ রিপোর্টার, তানোর: রাজশাহীর তানোরে বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ জমিতে জোরপূর্বক পাকাবাড়ি নির্মাণ করছেন প্রভাবশালী প্রতিপক্ষরা। এনিয়ে ভুক্তভোগি আমশো গ্রামের বাসিন্দা মৃত সোবহান সরকারের পুত্র হুরমত আলী সরকার (৪৮) বাদি হয়ে প্রতিপক্ষের ১০ জন নামধারী ব্যক্তির বিরুদ্ধে বাড়ি নির্মাণ বন্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্র জানায়, বিজ্ঞ আদালতের আদেশ বাস্তবায়নের জন্য গত ৫ জুলাই তানোর থানার এএসআই খাইরুল ইসলাম প্রতিপক্ষকে নোটিশ প্রদান করেছেন।
নোটিশে বলা হয়েছে, চলতি ২০২৫ সালের আগামী ২৭ আগস্ট ধার্য তারিখ পর্যন্ত নালিশী সম্পত্তিতে প্রতিপক্ষের প্রতি বিজ্ঞ আদালত কর্তৃক অস্থায়ী অন্তর্বর্তীকালিন নিষেধাজ্ঞার আদেশ প্রদান করা হয়েছে।
আদালতের আদেশ অব্যাহত রাখার জন্য বর্ণিত স্থানে নালিশী তপশীল বর্ণিত সম্পত্তিকে কেন্দ্র করে কোন প্রকার শান্তি-শৃংখলা ভঙ্গ মূলক কার্যক্রম পরিচালনা না করার জন্য প্রতিপক্ষগণকে আদালতের আদেশ যথাযথ ভাবে পালনের জন্য বলা হয়। কিন্তু বিজ্ঞ আদালতের আদেশ অমান্য করে প্রতিপক্ষের লোকজন নতুন করে পাঁকাবাড়ি নির্মাণ কাজ অব্যহত রেখেছেন।
মামলার এজাহার ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, তানোর পৌর এলাকার আমশো মৌজার আরএস ৫৮ নম্বর খতিয়ানের রেকডিয় প্রজা আরমান সরকার ও পিয়ার সরকার নামে প্রচলিত। উক্ত রেকডিয় প্রজাদ্বয়ের মধ্যে আরমান সরকারের দশ আনা আর পিয়ার সরকারের নামে ছয় আনা আংশে ষোলআনা বিদ্যমান।
আরমান সরকার মৃত্যুর পর তার সকল ওয়ারিশগণ তানোর সাব-রেজিস্ট্রি অফিসে গত ১৯৯০ সালের ১৮ নভেম্বর ৬৬৮৪ নম্বর বন্টননামা দলিল মূলে আব্দুস সোবহান সরকার প্রাপ্ত হন। অতপর আব্দুস সোবহান সরকারের মৃত্যুর পর মৃত পিতার ওয়ারিশ সূত্রে বাদি হুরমত আলী নিম্ন তফসলি বর্ণিত সম্পত্তির প্রকৃত মালিক বা অংশীদার হন।
হুরমত আলী বলেন, পরবর্তীতে তফসিল বর্ণিত সম্পত্তি সংক্রান্তে প্রতিপক্ষের সহিত মনোমালিন্য ও ঝগড়া বিবাদ সৃষ্টি হলে তিনি বাদি হয়ে ১০ জন নামধারী প্রতিপক্ষ ব্যক্তিদের বিরুদ্ধে চলতি বছরের গত ১৮ জুন রাজশাহীর বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।
মামলার শুনানীর প্রেক্ষিতে বিজ্ঞ আদালত চলতি বছরের আগামী ২৭ আগস্ট ধার্য তারিখ পর্যন্ত নালিসী সম্পত্তিতে প্রতিপক্ষের বিরুদ্ধে অস্থায়ী অন্তবর্তীকালীন নিষেধাজ্ঞা প্রদান করেন। এরপরও বিরোধপূর্ণ জমিতে জোরপূর্বক প্রতিপক্ষের পাঁকাবাড়ির নির্মাণ কাজ অব্যহত রয়েছে।
এনিয়ে প্রতিপক্ষ সাইফুলের সঙ্গে কথা হলে তিনি জানান, যেখানে পাকাবাড়ি নির্মাণ করা হচ্ছে ওই জায়গাটি আমাদের দখলে রয়েছে। আর হুরমত আলী তাদের হয়রানি করবার জন্য আদালতে মামলা করেছেন। মামলাটি আমরা আইনগত ভাবেই মোকাবেলা করবো।


প্রকাশিত: August 2, 2025 | সময়: 4:49 am | সুমন শেখ