, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। রোববার (২৭ জুলাই) সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জ মালিক সমিতির পক্ষ থেকে বাস চলাচল বন্ধ রাখা হয়। সোমবার বিরোধ না মিটলে রাজশাহী মালিক সমিতির পক্ষ থেকেও বাস চলাচল বন্ধ রাখা হয়। রুটটিতে বাস না চলায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
শ্রমিকদের অভিযোগ, শনিবার (২৬ জুলাই) রাজশাহীতে চাঁপাইনবাবগঞ্জের চালক ও শ্রমিকদের সঙ্গে রাজশাহীর চালকদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে চাঁপাইনবাবগঞ্জের এক চালককে মারধর করেন রাজশাহীর চালকরা। ঘটনার পর চাঁপাইনবাবগঞ্জে রাজশাহীর একটি বাস ভাঙচুর করেন স্থানীয় চালকরা। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে এবং দুই জেলার মধ্যে সরাসরি বাস চলাচল বন্ধ হয়ে যায়।
তবে বাসমালিকরা জানান, রাজশাহী মহানগরী থেকে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী গোদাগাড়ীর বালিয়াঘাটা মোড় পর্যন্ত বাস চলাচল করেছে রবিবার।তবে চাঁপাইনবাবগঞ্জ থেকে কোনো বাস ছাড়ছিল না। সোমবার রাজশাহী থেকেও বাস চলাচল বন্ধ হয়ে যায়। বাস চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। তাদের মধ্যে কেউ কেউ মাঝপথে বাস থেকে নেমে অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যেতে বাধ্য হচ্ছেন।
রাজশাহীর রেলগেট এলাকা থেকে বাসে ওঠা এক যাত্রী শফিকুল বলেন, ‘গন্তব্য চাঁপাইনবাবগঞ্জ হলেও বাসওয়ালারা বলছে, গোদাগাড়ী নামিয়ে দেবে। এরপর সেখান থেকে অতিরিক্ত ভাড়া দিয়ে যেতে হবে।’
ফারজানা খাতুন নামের এক নারী বলেন, ‘এই রকম বাস নামিয়ে দেওয়া, বাড়তি ভাড়া, বারবার উঠানামা—সব মিলিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এসবের দ্রুত সমাধান দরকার।’
পরিস্থিতি নিয়ে নজরুল ইসলাম হেলাল বলেন, ‘একটু ঝামেলা হয়েছে ঠিকই, কিন্তু মারামারি বা ভাঙচুর কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা বিষয়টি সমাধানে কাজ করছি। আশা করছি, দ্রুত বাস চলাচল স্বাভাবিক হবে।’