, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করা আবাসন ব্যবসায়ীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন, রাজশাহী মহানগরের নেতৃবৃন্দ। রবিবার বেলা ১১টায় নগরের সাহেববাজার জিরোপয়েন্টে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন থেকে মামলাটি প্রত্যাহারেরও দাবি জানানো হয়।
বুধবার মোস্তাফিজুর রহমান নামের এক আবাসন ব্যবসায়ী ২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে নগরের বোয়ালিয়া থানায় একটি মামলা করেন। এতে রাজশাহী জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানি সুমন, বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপির সভাপতি শামসুল ইসলাম মিলু ও রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের সদস্যসচিব এমদাদুল হক লিমনসহ ৩৬ জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাত আসামি করা হয় আরও ২০ জনকে।
এর প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মোস্তাফিজুর রহমান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও তার স্ত্রী শাহীন আক্তার রেনীর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। বিএনপির নেতাকর্মীদের হয়রানি করতে তিনি মিথ্যা মামলা করেছেন। অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট বলেন, ‘পুলিশ-প্রশাসন ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর ও প্রতারকদের সাথে হাতে হাত মিলিয়ে এখনও তাদের প্রত্যক্ষভাবে সহযোগিতা করছে এবং রাজশাহী মহানগর বিএনপির নেতাকর্মীদের নামে ভিত্তিহীন, মিথ্যা ও হয়রানিমূলক মামলা নিচ্ছে। যারা এর সাথে সম্পৃক্ত বা জড়িত থাকবেন তাদের বিচার আমরা এই বাংলার মাটিতে করব।’
মানববন্ধনে অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন- রাজশাহী মহানগর যুবদলের সদস্যসচিব রফিকুল ইসলাম রবি, বোয়ালিায়া থানা (পশ্চিম) বিএনপির সভাপতি শামসুল হোসেন মিলু, ছাত্রদল নেতা এমদাদুল হক লিমন, স্বেচ্ছাসেবক দলের নেতা সৈকত পারভেজ প্রমুখ।