সর্বশেষ সংবাদ :

অপতথ্য ও এআইয়ের অপব্যবহার রোধ করে আস্থা অর্জনই চ্যালেঞ্জ: সিইসি

সানশাইন ডেস্ক: নির্বাচন ঘিরে ভুয়া তথ্য ও এআইয়ের অপব্যবহার রোধের পাশাপাশি নির্বাচন ব্যবস্থার ওপর মানুষের আস্থা ফিরিয়ে আনাই কমিশনের বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
সুষ্ঠু নির্বাচনে নিত্য নতুন চ্যালেঞ্জ দেখা দিচ্ছে জানিয়ে সিইসি বলেন, “সুষ্ঠু নির্বাচন করার চ্যালেঞ্জ তো বহুবিধ। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে, মানুষের আস্থা। নির্বাচন কমিশন সম্পর্কে, নির্বাচন ব্যবস্থা সম্পর্কে মানুষের আস্থা ফিরিয়ে আনা জরুরি।” শনিবার সকালে খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে খুলনায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।
সিইসি আরও বলেন, “দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে, ভোটারদের কেন্দ্রমুখী করা। ভোট দিতে না পেরে মানুষ আগ্রহ হারিয়ে ফেলছে। তাই তাদের ভোটকেন্দ্রমুখী করাও বড় চ্যালেঞ্জ।” বিশেষ করে নারী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করাটাকে কমিশন বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে বলে জানান তিনি।
নির্বাচন ঘিরে ভুয়া নানা তথ্য ও গুজব ছড়ানো প্রতিরোধে কমিশন কাজ করছে জানিয়ে সিইসি বলেন, “নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে প্রযুক্তির অপব্যবহার। এর মধ্যে অন্যতম হচ্ছে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ফ্রিস্টাইলে যাচাই-বাছাই না করে ভুল তথ্য প্রচার করা হচ্ছে। “এআই পদ্ধতি একটি বড় চ্যালেঞ্জ। এই পদ্ধতি ব্যবহার করে হুবহু নকল করা হচ্ছে একজনের বক্তব্য। এজন্য দেশি-বিদেশি বিশেষজ্ঞ দল কাজ করছে। আধুনিক যুগে এটি অস্ত্রের চেয়েও ভয়াবহ।”
একটি সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন করতে চান জানিয়ে তিনি আরও বলেন, “নির্বাচনের আগে আইনশৃংখলা স্বাভাবিক রাখতে সন্ত্রাস দমন এবং অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চলবে।” মতবিনিময়কালে খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের, খুলনা জেলা নির্বাচন কর্মকর্তা ফারাজি বেনজির আহম্মেদসহ নির্বাচন কমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


প্রকাশিত: July 27, 2025 | সময়: 6:03 am | সুমন শেখ