নওগাঁর সীমান্তে কাঠ পাচারের সময় ৫ চোরাকারবারি আটক

স্টাফ রিপোর্টার, নওগাঁ: নওগাঁর বস্তাবর সীমান্ত দিয়ে দামি কাঠ ভারতে পাচারকালে ৫ চোরাকারবারীকে আটক করেছে পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি। শনিবার ভোর রাতের দিকে নওগাঁর পত্নীতলা উপজেলার বস্তাবর সীমান্তে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন জেলার ধামইরহাট উপজেলার অমল চন্দ্র বর্মণ (৩৫) লিটন বর্মণ (২৮) নরেশ বর্মণ (৩২) রফিকুল ইসলাম (৫৫) হামিদুল ইসলাম (২৫)। পত্নীতলা ১৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইকবাল হোসেন জানান, ভোরে বস্তাবর সীমান্তে দামি কাঠ পাচারের সময় বিজিবির একটি টহল দল শিমুলতলী ব্রিজের নিকট অভিযান পরিচালনা করে। এসময় ৬৩ সিএফটি আকাশমনি কাঠ ও ১ টি সোনালিকা ট্রাক সহ ৫ জন চোরাকারবারীকে আটক করে।
তিনি আরও বলেন, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে মাদক পাচার ও অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে বিজিবির সর্বাত্মক অভিযান অব্যাহত রয়েছে।
আটককৃত আসামীদের ধামইরহাট থানায় মামলাদায়ের পূর্বক পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত কাঠ ধামইরহাট বন বিট অফিসে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


প্রকাশিত: জুলাই ২৭, ২০২৫ | সময়: ৫:৫৪ পূর্বাহ্ণ | সুমন শেখ