, , ।
ঈশ্বরদী প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, কোরআনের দেখানো পথ ধরেই বাংলাদেশে ইসলাম কায়েম হবে। দুর্নীতিমুক্ত দেশ গঠন করা হবে। দুর্নীতির জাল ছিঁড়ে টুকরো টুকরো করে দেওয়া হবে। মঙ্গলবার বিকেল তিনটার সময় ঈশ্বরদীর টেক্সটাইল উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াত কর্মী প্রয়াত মোস্তাফিজুর রহমান কলমের দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যর তিনি এসব কথা বলেন।
গত শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে ঈশ্বরদী থেকে ঢাকায় যাওয়ার পথে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে মারা যান জামায়াত কর্মী প্রয়াত মোস্তাফিজুর রহমান কলম।
জামায়াতের আমীর আরও বলেন, দুর্নীতিবাজের অস্তিত্বও দেশে থাকতে দেব না। যেখানে দুর্নীতি সেখানেই প্রতিবাদ করা হবে। যতদিন দেশের মানুষের মুক্তি না মিলবে ততদিন লড়াই চলবে। এ দেশে মানুষ আর কোন দুর্নীতিবাজদের দেখতে চায় না। ফ্যাসিস্ট ও জালিম যত শক্তিশালিই হোক জামায়াতে ইসলামী কোন জালিমকে ভয় করেনা।
অনিয়ম-দুর্নীতি ও অবিচারের বিরুদ্ধে লড়তে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহবান জানিয়ে তিনি বলেন, লড়াই করতে আপনারা তৈরি আছেন তো। এটা চলমান থাকবে। আমি সেদিন মঞ্চ থেকে পরে গিয়েছিলাম। আপনারা অনেক কষ্ট পেয়েছেন। আমি যেন দৌড়ের থেকে দুনিয়ার জীবন শেষ করে শহীদ হিসেবে কবুল করেন। আমাদের জন্য দোয়া করবেন। জাতির কল্যাণ চিন্তা করার তৌফিক দান করুন।
ঢাকার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে নিহতদের স্বরণ করে তিনি বলেন, একটি মেসেজ নিয়ে আসছি সেটা হলো ২৭ জন নিহত, এটা বিশ্বাস করি না। এর চেয়ে বেশি সংখ্যা হবে। আমরা দোয়া করি তারা যেন জান্নাতবাসী হোন। নিহতদের পরিবার ও আহতদের পাশে আমরা সংগঠন হিসেবে সর্বাত্মক সহযোগীতা অব্যাহত থাকবে। অর্থ, রক্ত যা যা লাগবে আমাদের সহকর্মীরা দিবে।
আমীর আরও বলেন, ঢাকায় যাওয়ার পথে আমাদের দলের একনিষ্ঠ কর্মী মোস্তাফিজুর রহমান কলম আমাদের হাতে দিয়ে গেছেন তার পরিবারের দায়িত্ব। তাদের সন্তানরা যেন আগের চেয়ে ভালো থাকে। জামায়াত তার পরিবারের সব দায়িত্ব নিয়েছে। পরিশেষে এই আগামী নির্বাচনে আমার পাশে দাঁড়িয়ে আছেন আবু (তালেব মন্ডল) কে সব দিক দিয়েই আপনারা সহযোগিতা করবেন।
এর আগে সকালে খুলনার দাকোপ উপজেলা জামায়াতের আমীর আবু সাঈদের কবর জিয়ারত করে হেলিকপ্টার যোগে পাবনার ঈশ্বরদীর স্টেডিয়াম মাঠে অবতরণ করেন। এরপর চর মিরকামারীর কবরস্থানের কবর জিয়ারত করেন। এরপর মৃত ব্যক্তির বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে সাক্ষাত করেন। এছাড়াও মাইলস্টোন স্কুল এন্ড কলেজে নিহতদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
আয়োজিত দোয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, পাবনা জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল, সাবেক আমীর মাওলানা আব্দুর রহিম, নায়েবে আমীর মাওলানা জহুরুল ইসলাম খান, সেক্রেটারি আব্দুল গাফ্ফার খান, সহকারী সেক্রেটারি আবু সালেহ আব্দুল্লাহ ও এসএম সোহেল সহ অন্যান্য নেতাকর্মীরা।