জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে মোহনপুর চ্যাম্পিয়ন

স্পোর্টস রিপোর্টার: রাজশাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে মোহনপুর উপজেলা ফুটবল দল। সোমবার (২১ জুলাই) রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে মোহনপুর উপজেলা ফুটবল দল টাইব্রেকারে ৫-৪ গোলে পুঠিয়া উপজেলা ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টুর্নামেন্টে পুঠিয়া উপজেলা দল রানার আপ হয়।
ম্যাচের ১৫ মিনিটের মাথায় মোহনপুরের ইসমাইল প্রথম গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে নেন।
দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার ১৫ মিনিটের মাথায় পুঠিয়ার প্রনয় গোল করলে ম্যাচে সমতা ফিরে আসে। ম্যাচের নির্ধারিত সময় ১-১ গোলে ড্র হওয়ায় ম্যাচ টাইব্রেকারে গড়ায়।
টাইব্রেকারে মোহনপুর উপজেলা ফুটবল দল ৫-৪ গোলে পুঠিয়া উপজেলা ফুটবল দলকে পরাজিত করে।
পুঠিয়া উপজেলার প্রনয় ম্যাচ সেরা নির্বাচিত হন। ফাইনাল ম্যাচ উপভোগ করার জন্য মাঠে বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। ম্যাচ কমিশনারের দায়িত্ব পালন করেন সাবেক ফুটবলার মুরাদুজ্জামান এলান।
চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে ট্রফি,প্রাইজমানি এবং খেলোয়াড় ও কর্মকর্তাদের একটি করে ফলজ চারা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খোন্দকার আজিম আহমেদ এনডিসি।
প্রধান অতিথি বলেন, আমরা উভয় দলের খেলা দেখে আনন্দিত। চমৎকার খেলা হয়েছে, উভয় দলই হাড্ডাহাড্ডি লড়াই করেছে। দুই দলের খেলা ভালো হওয়ায় তিনি উভয় দলকেই বিজয়ী বলে উল্লেখ করেন।
জেলা প্রশাসক আফিয়া আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। অনুভূতি ব্যক্ত করেন পুঠিয়া ও মোহনপুর উপজেলা নির্বাহী অফিসারগণ। অন্যান্যের মধ্যে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যম কর্মী এবং বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।
এদিকে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের খেলোয়াড়, কোচ, আয়োজকদের অভিনন্দন জানিয়েছেন রাজশাহী-০৩ (পবা-মোহনপুর) আসনের জামায়াত ইসলামী বাংলাদেশের মনোনিত প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ।


প্রকাশিত: জুলাই ২২, ২০২৫ | সময়: ৪:১৭ পূর্বাহ্ণ | সুমন শেখ