, , ।
বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে স্কুল শিক্ষিকা ও তার ছেলে মেয়েকে বেঁধে রেখে বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার মধ্য রাতে উপজেলার বড়াইগ্রাম সদর ইউনিয়নের চকপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। ওই শিক্ষার নাম আরফাতুন নাহার মেরিনা। তিনি উপজেলা চকপাড়া গ্রামের আশরাফুল ইসলাম নামের এক এনজিও কর্মীর স্ত্রী ও তারানগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।
আরফাতুন নাহার মেরিনা জানান, তার স্বামী পাবনায় বেসরকারী সংস্থায় চাকরি করার কারণে মেয়ে ও ছেলেকে নিয়ে তিনি বাড়িতে থাকেন। রোববার রাতে খাওয়া দাওয়া সেরে সবাই ঘুমিয়ে পড়েন। রাত দেড় টার দিকে ৭-৮ জন মাক্স পরা ডাকাত বাড়ির ছাদের সিড়ি ঘরের উপরের টিনের চাল খুলে ভেতরে ঢুকে। পরে তারা কাঠের দরজা ভেঙ্গে ঘরের ভেতরে ঢুকে স্কচটেপ দিয়ে ছেলেমেয়েসহ তার হাত-পা, চোখ ও মুখ বেঁধে ফেলে।
এ সময় ঘরে আলমিরাতে রাখা নগদ এক লাখ টাকা, ৬ ভরি সোনা ও ১০ ভরি রুপার গহনা নিয়ে চলে যায়। পরে প্রথমে মেয়ে অনেক চেষ্টা করে মুখের স্কচটেপ ছিঁড়ে চিৎকার করলে প্রতিবেশীরা এসে তাদের উদ্ধার করে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। দায়ীদের সনাক্ত করা সহ গ্রেপ্তারের চেষ্টা চলছে।