সর্বশেষ সংবাদ :

বিমান বিধ্বস্তের ঘটনায় বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের শোক প্রকাশ

সানশাইন ডেস্ক: শিক্ষাপ্রতিষ্ঠানে বিমান বিধ্বস্তের ঘটনায় বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শোক জানিয়েছেন।
তারেক রহমানের শোক: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই মর্মান্তিক দুর্ঘটনায় হতাহতদের প্রতি তিনি গভীর সমবেদনা জানিয়েছেন এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
বিকেল ৩টায় এক ফেসবুক পোস্টে তারেক রহমান লিখেছেন, ‘মাইলস্টোন কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আমরা শোকাহত। একটি শিক্ষাপ্রতিষ্ঠান- যেখানে একটি শিশু, কিশোর কিংবা তরুণ তার শিক্ষা, বিকাশ ও নিরাপত্তা নিয়ে আশাবাদী হয়ে উঠে; সেই পরিবেশে এমন ভয়াবহতা কখনো কাম্য নয়। এ ঘটনায় নিহত শিক্ষার্থীর আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।’
জামায়াতে ইসলামীর শোক: রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার এক শোক বার্তায় জামায়াত আমির বলেন, দুপুর ১টার দিকে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনের ওপর বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। এতে পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির এবং অনেক শিক্ষার্থী শাহাদাতবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এ ঘটনায় এখনো শতাধিক শিক্ষার্থী দগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় আমি গভীরভাবে শোকাহত।
এবি পার্টির শোক: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। এবি পার্টি চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ এক যৌথ বিবৃতিতে বলেন, এর আগেও বিমান বাহিনীর বেশকিছু প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রশিক্ষক ও প্রশিক্ষণরত কর্মকর্তাদের অনেকে নিহত হয়েছেন। এগুলো দেশের জন্য খুবই দুঃখজনক ঘটনা। এ বিষয়ে বিমান বাহিনীর উচিত সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।
চরমোনাই পীরের শোক: রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম চরমোনাই পীর।
এক বিবৃতিতে চরমোনাই পীর বলেন, একটা স্কুলের ওপরে বিমান বিধ্বস্ত হওয়ার ভয়াবহতা কল্পনা করে আমরা উৎকণ্ঠিত ও উদ্বিগ্ন হয়ে আছি। এখন প্রাথমিক কাজ হিসেবে দ্রুততার সঙ্গে উদ্ধার কাজ সমাপ্ত করতে হবে।


প্রকাশিত: July 22, 2025 | সময়: 4:15 am | সুমন শেখ