বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
ঈশ্বরদী প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে প্রাইভেটকারের ধাক্কায় আব্দুল্লাহ্ আল মাসুম (৫৩) নামের এক পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে ঈশ্বরদী শহরের হাসপাতাল সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় খাইরুল প্রামাণিক নামের আরও একজন রিকশাচালক গুরুতর আহত হয়েছেন।
নিহত আব্দুল্লাহ্ আল মাসুম রাজধানী ঢাকার মিরপুর পল্লবী এলাকার মাহমুদ আলমের ছেলে এবং ঈশ্বরদীস্থ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নির্মাণাধীন কোম্পানির ট্রেস্ট রোসেমের হিসাবরক্ষণ বিভাগে কর্মরত ছিলেন। চাকরিসূত্রে তিনি ঈশ্বরদী শহরের শেরশাহ্ রোড এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার দুপুর দেড়টার দিকে আব্দুল্লাহ্ আল মাসুম নামের ওই ব্যক্তি মসজিদে নামাজ পড়ার উদ্দেশ্যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় হাসপাতাল দিক থেকে পোস্ট অফিস মোড়ের দিকে একটি দ্রুতগতির প্রাইভেটকার এসে তাকে ধাক্কা দিয়ে গাড়িটি রাস্তার পাশের দেয়াল ভেঙে খালে পড়ে যায়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আব্দুল্লাহ্ আল মাসুমকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আহত রিকশাচালক খাইরুল আলম বলেন, আমি রাস্তার পাশে রিকশার ওপর বসে ছিলাম। হঠাৎ করে একটি প্রাইভেটকার এসে রিকশাকে ধাক্কা দিয়ে আরেকজন পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যায়। পরে স্থানীয় লোকজন আমাদের দুজনকে হাসপাতালে নিয়ে যায়।
ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, ঘাতক প্রাইভেটকারটি উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে আইনি পক্রিয়া শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে মরদেহ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।