গোপালগঞ্জে ৪ হত্যায় মামলায় আসামি আওয়ামী লীগের ৬ হাজার নেতাকর্মী

সানশাইন ডেস্ক: গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষ-সহিংসতার ঘটনায় চারদিন পর চারটি হত্যা মামলা হয়েছে। এসব মামলায় আওয়ামী লীগ এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের ছয় হাজার নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
রোববার (২০ জুলাই) দুপুরে গোপালগঞ্জ সদর থানার ওসি মির মোহাম্মদ সাজেদুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, ‘‘গত বুধবারের ঘটনায় নিহত চারজনের বিষয়ে শনিবার রাতে পুলিশ বাদী হয়ে চারটি হত্যা মামলা দায়ের করেছে।’’
ওসি জানান, প্রতিটি মামলায় অজ্ঞাত এক হাজার ৪০০ থেকে দেড় হাজার জনকে আসামি করা হয়েছে। ফলে চার মামলায় আসামির সংখ্যা ছয় হাজারে পৌঁছেছে। এছাড়া সংঘর্ষে আহত অবস্থায় চিকিৎসাধীন আরেকজনের মৃত্যুর ঘটনায় আরও একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, গত ১৭ জুলাই এনসিপির গোপালগঞ্জ অভিমুখে পদযাত্রা ঘিরে শহরে ব্যাপক উত্তেজনা, সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগ ও হাত বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। সংঘর্ষে গুলিবিদ্ধসহ চারজন নিহত হন। এরপর থেকেই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
এর আগে সংঘর্ষের ঘটনায় পৃথকভাবে দেড় হাজার অজ্ঞাত আসামির বিরুদ্ধে তিনটি মামলা হয়েছিল। এ নিয়ে সব মিলিয়ে গোপালগঞ্জের ওই ঘটনার জেরে মোট সাতটি মামলা দায়ের হলো। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আসামিদের শনাক্ত করতে অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে।


প্রকাশিত: জুলাই ২১, ২০২৫ | সময়: ৪:৫৩ পূর্বাহ্ণ | সুমন শেখ