বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
ঈশ্বরদী প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী শহরের মধ্য অরণকোলার একটি বাসা থেকে ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাহাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মতলেবুর রহমান মিনহাজ ফকিরকে গ্রেপ্তার করে ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির সদস্যরা। মিনহাজ ফকির ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের মহাদেবপুর গ্রামের মৃত মানিক ফকিরের ছেলে এবং সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টুর বোন জামাই।
এর আগে শুক্রবার রাতে ঈশ্বরদী উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য নাজিম উদ্দিন রনিকে গ্রেপ্তার করেছে ঈশ্বরদী থানা পুলিশ। সে ঈশ্বরদী আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খাঁনের ছেলে। শহরের অরনকোলার একটি ইট ভাটা এলাকা থেকে রনিকে গ্রেপ্তার করা হয়।
ঈশ্বরদী থানার অফিসার ইানচার্জ (ওসি) আ.স.ম আব্দুন নুর জানান, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় এজাহারভুক্ত আসামী তারা।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার উপর হামলার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। ঘটনার পর থেকে দুইজনই পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অন্য আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।