, , ।
স্পোর্টস ডেস্ক: ত্রিদেশীয় সিরিজে টানা দ্বিতীয় জয় পেয়েছে নিউ জিল্যান্ড। শুক্রবার তারা জিম্বাবুয়েকে হারিয়েছে ৮ উইকেটের বড় ব্যবধানে।
এর আগে তারা দক্ষিণ আফ্রিকাকেও হারিয়েছিল। অন্যদিকে জিম্বাবুয়ের এটি টানা দ্বিতীয় হার। তাতে পয়েন্ট তালিকার একেবারে নিচে তারা। নিউ জিল্যান্ড ৪ পয়েন্ট নিয়ে সবার উপরে। হারারেতে আগে ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়ে ৭ উইকেটে ১২০ রান করে। জবাবে নিউ জিল্যান্ড ১৩.৫ ওভারে জয় তুলে নেয়। ফিফটি তুলে নিউ জিল্যান্ডের জয়ের নায়ক ডেভন কনওয়ে। ৪০ বলে ৪ চার ও ২ ছক্কায় ৫৯ রান করে অপরাজিত থাকেন বাঁহাতি ব্যাটসম্যান।
এছাড়া রাচীন রাভিন্দ্র ১৯ বলে ৩০ রান করেন ৪ চার ও ১ ছক্কায়। কনওয়ের সঙ্গে ২৬ রানে অপরাজিত থাকেন ডার্ল মিচেল। ১৯ বলে ১টি করে চার ও ছক্কা হাঁকান মিচেল। রান পাননি কেবল টিম সেইফার্ট। ইনিংসের শুরুতে মুজারাবানির বলে আউট হন ৩ রানে।
এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে জিম্বাবুয়ের ব্যাটিং একদমই ভালো হয়নি। দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেন ওপেনার ওয়েসলি মাধভেরে। ৩২ বলে ৪টি চার আসে তার ব্যাট থেকে। আরেক ওপেনার ব্রায়ান বেনেট ২০ বলে করেন ২১ রান। এরপর কেউ ইনিংস বড় করতে পারেননি। সিকান্দার রাজা ও রায়ান বার্ল ১২ রানের দুটি ইনিংস খেলেন। ১৩ রান আসে টনি মুনিয়ঙ্গার ব্যাট থেকে।
নিউ জিল্যান্ডের বোলারদের মধ্েয ম্যাট হেনরি ২৬ রানে নেন ৩ উইকেট। ১টি করে উইকেট পেয়েছেন অ্যাডাম মিলনে, মিচেল স্ট্যানার, মাইকেল ব্রেসওয়েল ও রাচিন। জিম্বাবুয়ে আগামীকাল হারারেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে। ২২ জুলাই নিউ জিল্যান্ডের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।