সর্বশেষ সংবাদ :

বরেন্দ্র জাদুঘরে ঐতিহ্য সংরক্ষণ প্রশিক্ষণের দ্বিতীয় ধাপ শুরু

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীন বরেন্দ্র গবেষণা জাদুঘর ও যুক্তরাজ্যের ডারহাম বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণে দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের দ্বিতীয় ধাপ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) বিকেল ৩টা ৩০ মিনিটে বরেন্দ্র জাদুঘর মিলনায়তনে আয়োজিত এক অনলাইন উদ্বোধনী অনুষ্ঠানে এ ধাপের সূচনা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন ঘোষণা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর সালেহ হাসান নাকীব। সভাপতিত্ব করেন বরেন্দ্র জাদুঘরের পরিচালক প্রফেসর ড. কাজী মো. মোস্তাফিজুর রহমান। প্রধান বক্তা হিসেবে যুক্ত ছিলেন ইউল্যাবের প্রফেসর শাহনাজ হুসনে জাহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডারহাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর রবিন এন্ড্রু কানিংহাম, গবেষক ড্যানিয়েল হেড এবং ডেভিড নক্স। ডিসেম্বর ২০২৫ পর্যন্ত চলমান এ প্রশিক্ষণ কর্মসূচির বেশিরভাগ সেশন অনলাইনে অনুষ্ঠিত হবে। তবে হাতে-কলমে প্রশিক্ষণের জন্য ডারহামের একটি বিশেষজ্ঞ দল সেপ্টেম্বরে ও ডিসেম্বরে বাংলাদেশ সফর করবে। প্রশিক্ষণের মূল বিষয়বস্তুতে থাকছে—জাদুঘরের সংগ্রহ ও পুরাকীর্তি সংরক্ষণ, তালিকাভুক্তি ও ডিজিটালাইজেশন, ঐতিহ্য রক্ষায় নীতিমালা প্রণয়ন এবং দুর্যোগকালীন ঝুঁকি ব্যবস্থাপনা। এ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত চারজন শিক্ষার্থী, যাঁরা ইন্টার্নশিপের মাধ্যমে অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাচ্ছেন। বিশেষজ্ঞ প্রশিক্ষকদের দলে রয়েছেন—ডারহাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর রবিন কানিংহাম, ডা. এমিলি অলডেন উইলিয়ামস, প্রফেসর মার্ক জেমস ম্যানুয়েল, ডা. ক্রিস্টোফার এডওয়ার্ড ডেভিস এবং প্রফেসর শাহনাজ হুসনে জাহান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বরেন্দ্র জাদুঘরের উপ-গ্রন্থাগারিক মো. আসলাম রেজা। অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, কর্মকর্তা, এবং স্থানীয় নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কর্মচারীদের আবেগঘন অনুভূতির মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এই প্রকল্পের সফল বাস্তবায়নে সহায়তা করেছে ব্রিটিশ কাউন্সিল, ইউনেস্কো, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও বরেন্দ্র গবেষণা জাদুঘর। প্রশিক্ষণ ব্যবস্থাপনায় সমন্বয় করছেন বরেন্দ্র জাদুঘরের পরিচালক প্রফেসর ড. কাজী মো. মোস্তাফিজুর রহমান ও উপ-গ্রন্থাগারিক মো. আসলাম রেজা।


প্রকাশিত: July 19, 2025 | সময়: 4:17 am | সুমন শেখ

আরও খবর