সর্বশেষ সংবাদ :

শ্রাবণের প্রথমদিনে রাজশাহীতে মুষলধারে বৃষ্টি,শহরে জলাবদ্ধতা

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে শ্রাবেণের প্রথম দিনে বর্ষার রূপ পুরোপুরি উপভোগ করল। আষাঢ় মাসজুড়ে প্রায় প্রতিদিন বৃষ্টির পরও শ্রাবণের প্রথম দিনে ভারী বর্ষণে ভিজল পুরো শহর।
সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার দুপুর ১টা পর্যন্ত রাজশাহীতে ৯০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। আবহাওয়া অফিস জানিয়েছে, এবার আষাঢ়ের শুরু থেকে টানা বৃষ্টি হলেও এত পরিমাণ বৃষ্টি আর হয়নি। বর্ষার মাসের চতুর্থ দিনে ৫১ দশমিক ২ মিলিমিটার, নবম দিনে ৩৭ দশমিক ৭ মিলিমিটার এবং ২৫তম দিনে ৩৬ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টি হয়েছিল। মঙ্গলবারের বৃষ্টিপাতই মাসের সর্বোচ্চ। এছাড়া বুধবারও রাজশাহীতে পর্যাপ্ত বৃষ্টি হয়েছে।
আবহাওয়া অফিসের পর্যবেক্ষক আনোয়ারা খাতুন বলেন, এবার আষাঢ়ে কমবেশি প্রতিদিনই বৃষ্টি হয়েছে। তবে সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে। এখন বর্ষাকাল, তাই বৃষ্টি স্বাভাবিক।
তবে এই বৃষ্টিতে রাজশাহী শহরের একাধিক এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। লক্ষ্মীপুর মেডিকেল কলেজ হাসপাতাল, কাদিরগঞ্জ, উপশহরসহ অন্তত ৮-১০টি এলাকায় রাস্তাঘাটে দীর্ঘসময় ধরে পানি জমে ছিল। মেডিকেল কলেজের সামনে হাঁটুপানি জমে থাকায় চলাচলে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।
স্থানীয় বাসিন্দা ওয়াহেদুল ইসলাম জানান, ড্রেনেজব্যবস্থা খারাপ হওয়ায় পানি নামতে পারছে না। তার ওপর, ফুটপাতে খাবারের দোকান ও বর্জ্যের কারণে ড্রেনগুলো আটকে গেছে। কাদিরগঞ্জ এলাকায়ও একই চিত্র। শিক্ষার্থীদের রাস্তায় হাঁটুসমান পানি পেরিয়ে যেতে দেখা গেছে। নালাগুলোতে ময়লার কারণে পানিপ্রবাহ থেমে আছে।
রাজশাহী সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা শেখ মো. মামুন বলেন, কিছু এলাকায় নির্মাণকাজ এবং বর্জ্যের কারণে পানিপ্রবাহ বাধাগ্রস্ত হয়েছে। পরিচ্ছন্নতা কর্মীরা দ্রুত কাজ করে পানি নিস্কাশনের ব্যবস্থা করে। নাগরিকদের নালায় ময়লা না ফেলারও অনুরোধ করেন তিনি। নগরবাসীর অভিযোগ, শহরের ড্রেনেজব্যবস্থা উন্নত না হলে প্রতি বর্ষায়ই এমন ভোগান্তি পোহাতে হবে।


প্রকাশিত: July 17, 2025 | সময়: 4:23 am | সুমন শেখ