, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে অনুষ্ঠিত হলো ‘এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড ২০২৫’। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশনের আয়োজনে বুধবার রাজশাহী নগরের চৌদ্দপাই এলাকায় অবস্থিত নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে রাজশাহী বিভাগের বাছাই পর্ব সম্পন্ন হয়।
প্রতিযোগিতায় রাজশাহী বিভাগের বিভিন্ন স্কুল ও কলেজ থেকে প্রায় ২০০ শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে জুনিয়র গ্রুপ থেকে ৩০ জন ও সিনিয়র গ্রুপ থেকে ৫ জন শিক্ষার্থী চূড়ান্ত বাছাই পর্বে উত্তীর্ণ হয়েছেন। তারা আগামী ২৬ থেকে ২৯ জুলাই ঢাকার ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিতব্য জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবেন।
আয়োজকরা জানান, ১৪ থেকে ১৮ বছর বয়সি স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এই অলিম্পিয়াডে জুনিয়র বিভাগে ২০১০-২০১১ সালের মধ্যে জন্ম নেওয়া এবং সিনিয়র বিভাগে ২০০৭–২০০৯ সালের মধ্যে জন্ম নেওয়া শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পান।
রাজশাহীতে আয়োজন উপলক্ষে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাস হয়ে ওঠে উৎসবমুখর। আগত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মনোরম পরিবেশ দেখে মুগ্ধ হন। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশন গত ৩৭ বছর ধরে জ্যোতির্বিজ্ঞানকে জনপ্রিয় করে তুলতে কাজ করে আসছে। এর ধারাবাহিকতায় ২০০৬ সাল থেকে দেশে আয়োজন করে আসছে ‘অ্যাস্ট্রো-অলিম্পিয়াড’ প্রতিযোগিতা, যার ২০তম আসর অনুষ্ঠিত হচ্ছে এবার। রাজশাহীসহ দেশের আটটি বিভাগীয় শহর ও তিনটি জেলা শহরে এ বছরের বাছাই কার্যক্রম চলছে। প্রথম রাউন্ডের পরীক্ষা ১১ থেকে ২১ জুলাইয়ের মধ্যে দেশব্যাপী অনুষ্ঠিত হচ্ছে।
প্রথম রাউন্ড থেকে বাছাইকৃত প্রায় ৩০০ জন শিক্ষার্থী জাতীয় পর্যায়ের দ্বিতীয় রাউন্ডে অংশ নেবেন। সেখান থেকে নির্বাচিতদের নিয়ে তৃতীয় রাউন্ডে ক্লোজড ক্যাম্প অনুষ্ঠিত হবে। ক্যাম্পের শেষ দিনের লিখিত পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত ৫ জন শিক্ষার্থী নির্বাচন করা হবে, যারা ২০-২৭ সেপ্টেম্বর রাশিয়ায় অনুষ্ঠিতব্য ‘ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড’-এ বাংলাদেশ প্রতিনিধিত্ব করবেন। তারা আরও অংশগ্রহণ করবেন ২৯তম আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড ও এশিয়ান-প্যাসিফিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে।
সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মো. আনসার উদ্দীন। আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের নির্বাহী পরিচালক রিয়াজ মোহাম্মদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লাহ শামস্ বিন তারিক, এনবিআইইউ’র ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান নুজহাত নাওয়ার এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান আফসানা তাসনিম প্রমুখ।