সর্বশেষ সংবাদ :

বাগমারায় মাছ ধরার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

তাহেরপুর পৌর প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় মাছ ধরার সময় বজ্রপাতে আমজাদ হোসেন (৪৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বাসুপাড়া ইউনিয়নের দ্বীপনগর গ্রামের কছিমুদ্দিনের ছেলে। ওই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পরিবারের লোকজন জানান, মঙ্গলবার দুপুরে আমজাদ হোসেন মাছ ধরার জন্য দোয়ারী (খলসুন) নিয়ে বাড়ির পাশের বিলে যান। বিকেল তিনটার দিকে হঠাৎ আকাশ বিকট শব্দে গর্জে উঠে। ওই সময় আমজাদ হোসেন মাছ ধরার জন্য একাই বিলেই অবস্থান করছিলেন। বিলে কোন লোকজন না থাকায় আমজাদ হোসেনের মৃত্যুর বিষয়টি কেউ জানতে পারেনি।
বিকেল সাড়ে ৫ টার দিকে এলাকার কিছু লোকজন বিলে গেলে আমজাদ হোসেনের নিথর দেহ মাটিতে পড়ে থাকতে দেখে। তারা লাশের পার্শ্বে গিয়ে দেখতে পায়, তার শরীরের বিভিন্ন জায়গায় ফুসকা পড়ে রয়েছে।
স্থানীয় লোকজন সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান, আমজাদ হোসেন দুপুরের দিকে কোন এক সময়ে বজ্রপাতে মারা গেছেন। তার মৃত্যুর বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এলাকার লোকজন কোন ভাবেই আমজাদ হোসেনের অকাল মৃত্যু মেনে নিতে পারছেন না।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, উপজেলার দ্বীপনগর গ্রামে আমজাদ হোসেন নামের এক যুবক বজ্রপাতে মারা গেছে। যেহেতু বজ্রপাতে মৃত্যুবরণ করেছেন এখানে পুলিশের করার কিছুই নেই বলে তিনি জানিয়েছেন।
অপর দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম বলেন, বিষয়টি আপনার কাছ থেকেই জানলাম। এখনই খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে বলে তিনি জানিয়েছেন।


প্রকাশিত: July 16, 2025 | সময়: 4:21 am | সুমন শেখ