সর্বশেষ সংবাদ :

বড়াইগ্রামে বিএনপি কর্মীকে চাঁদা না দেয়ায় মারপিটের অভিযোগ

স্টাফ রিপোর্টার, বড়াইগ্রাম: নাটোরের বড়াইগ্রামে চাঁদা না দেয়ায় এক ব্যক্তিকে ডেকে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে আরিদুল ইসলাম (৪০) নামের এক বিএনপি কর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় মঙ্গলবার থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। এর আগে সোমবার বিকেলে উপজেলার জোনাইল বাজারে এ মারধরের ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী মোহন সরকারকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। মোহন সরকার উপজেলার চর গোবিন্দপুর গ্রামের মৃত শাখাওয়াত সরকারের ছেলে। অভিযুক্ত আরিদুল ইসলাম উপজেলার চৌমুহন গ্রামের হাতেম আলীর ছেলে ও জোনাইল ইউনিয়ন বিএনপির কর্মী।
এ ব্যাপারে মোহন সরকার বলেন, ‘আরিদুল ইসলাম আমাকে মোবাইলের মাধ্যমে জোনাইল বাজারে ডেকে নেয়। এরপর ৫০ হাজার টাকা দাবি করে। আমি কিসের টাকা জানতে চাইলে বলে পাওনা টাকা দিতে হবে। কবে টাকা নিয়েছিলাম সেটা জানতে চাইলে আমাকে মারধর করে।’
মোহন আরও বলেন, ‘আমার কাছে আরিদুল ইসলাম কোনো টাকা পাবে না। অন্যায়ভাবে আমার কাছে সে টাকা দাবি করছে। আমি গরিব মানুষ, এত টাকা কোথায় পাব। আমি এই ঘটনার বিচার চাই।’
অভিযোগের বিষয়ে আরিদুল ইসলাম বলেন, ‘আমি তার কাছে কোনো টাকা চাইনি। সে আমাকে মাদক মামলায় ফাঁসাতে চেয়েছিল। তাই কথা-কাটাকাটি হয়েছে।’
এ বিষয়ে বড়াইগ্রাম থানার পরিদর্শক গোলাম সারওয়ার হোসেন বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’


প্রকাশিত: July 16, 2025 | সময়: 4:19 am | সুমন শেখ

আরও খবর