বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মহিষালবাড়ী এলাকায় প্রকাশ্যে মাদক ব্যবসা চালাচ্ছে একটি প্রভাবশালী চক্র। স্থানীয়দের অভিযোগ, এ চক্রের বিরুদ্ধে কথা বললেই মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয়। ফলে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকাবাসী।
সূত্র জানায়, নাসির নামে এক ব্যক্তির সহযোগী একলাসুর রহমান এক্কা দীর্ঘদিন ধরে প্রকাশ্যে হেরোইন, ইয়াবা, ফেনসিডিল ও গাঁজা বিক্রি করছেন। নাসিরের বাবা শহিদুল ও মা নুরনাহারও সরাসরি মাদক ব্যবসায় জড়িত। তাদের বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও জামিনে ছাড়া পেয়ে পুনরায় মাদক কারবারে জড়িয়ে পড়ছে তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, নাসির ও তার পরিবারের মাদক ব্যবসার কারণে এলাকায় মাদকসেবীর সংখ্যা বেড়েছে। স্কুল-কলেজের অনেক তরুণ মাদকাসক্ত হয়ে বিপথে যাচ্ছে। কেউ প্রতিবাদ করলে নাসিরের লোকজন হুমকি দিয়ে বলে, ‘মুখ খুললে মাদকের মামলায় ফাঁসানো হবে।’
এলাকাবাসীর অভিযোগ, ভয়ভীতি ও প্রভাব খাটিয়ে চক্রটি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধিরাও প্রকাশ্যে কিছু বলতে সাহস পান না। শাহ সুলতান (রহ.) কামিল মাদ্রাসার এক শিক্ষক বলেন, ‘মাদক ব্যবসার কারণে এলাকার যুবসমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। কিন্তু ভয়ের কারণে কেউ কিছু বলছে না। পুলিশেও খবর দিলে পরে হয়রানি হতে হয়।’
এ বিষয়ে অভিযুক্ত নাসিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
গোদাগাড়ী থানার ওসি মুহাম্মদ রুহুল আমিন বলেন, ‘মাদকবিরোধী অভিযান চলছে। নির্দিষ্ট অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদকমুক্ত সমাজ গড়তে আমরা বদ্ধপরিকর।’
এলাকাবাসীর দাবি, মাদকের করাল গ্রাস থেকে মহিষালবাড়ীকে বাঁচাতে প্রশাসনের দ্রুত ও কঠোর পদক্ষেপ প্রয়োজন।