, , ।
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট: জয়পুরহাট জেলায় এবারের প্রকাশিত দাখিল পরীক্ষার ফলাফলে ৪টি মাদ্রাসায় শতভাগ পরীক্ষার্থী ফেল করেছে। ওই ৪টি প্রতিষ্ঠান থেকে এবাওে কেউ পাশ করতে পারেনি। শতভাগ ফেলের তালিকায় থাকা চারটি মাদ্রাসার মধ্যে ২টি কালাই উপজেলায়, একটি আক্কেলপুর ও একটি ক্ষেতলাল উপজেলার। এ তথ্য নিশ্চিত করেছেন জয়পুরহাট জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার অফিস সূত্রে জানা যায়, গত বৃহ¯পতিবার সারা দেশে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়। জয়পুরহাট জেলায় এসএসসি পাসের গড় হার ৮০ দশমিক ৩ শতাংশ। তবে দাখিলে পাসের হার কম। জেলায় দাখিল পরীক্ষার গড় পাসের হার ৫৯ দশমিক ৮৯ শতাংশ। এবার জেলায় ৪টি মাদ্রাসার একজন পরীক্ষার্থীও পাস করেনি।
শতভাগ ফেলকরা মাদ্রাসাগুলো হলো জেলার কালাই উপজেলার হারুঞ্জা দাখিল মাদ্রাসা ও পাঁচগ্রাম জান্নাতুল নুরী দাখিল মাদ্রাসা, আক্কেলপুর উপজেলার গণিপুর দাখিল মাদ্রাসা এবং ক্ষেতলাল উপজেলার সরাইল হাফেজিয়া মহিলা দাখিল মাদ্রাসা। তবে এসব মাদ্রাসায় এবার দাখিল পরীক্ষার্থীর সংখ্যাও ছিল কম।
এবার জেলায় মোট ২ হাজার ৩৯১ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে ১ হাজার ৪৩২ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৭৮ জন। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বলেন, জেলায় ৪টি মাদ্রাসায় শতভাগ ফেলের কারণ খতিয়ে দেখা হবে।