হ্যাকারদের প্রতারণার ফাঁদে শিক্ষার্থীরা

মতলুব হোসেন, জয়পুরহাট: জয়পুরহাটের কালাই উপজেলায় প্রাথমিক শিক্ষার্থীদের উপবৃত্তি কার্যক্রম নিয়ে একের পর এক চাঞ্চল্যকর প্রতারণার ঘটনা ঘটছে। সরকারের শিক্ষা খাতে সরাসরি সহায়তার এই কর্মসূচি এখন হ্যাকার চক্রের কবলে পড়ে প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। হ্যাকার চক্রের নতুন কৌশলে সরকারের বরাদ্দ করা উপবৃত্তির অর্থ থেকে বঞ্চিত হচ্ছেন সুবিধাভোগী শিক্ষার্থীরা। এতে চরম বেকায়দায় পড়েছেন বিদ্যালয়ের প্রধানরা।
প্রথমে গত ২০২৪ সালের জুলাই-ডিসেম্বর মেয়াদে কালাই উপজেলার ২৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯৬৭ জন শিক্ষার্থীর নগদ মোবাইল অ্যাকাউন্ট হ্যাক করে লক্ষাধিক টাকা আত্মসাৎ করে একটি সংঘবদ্ধ চক্র। ঘটে যাওয়া প্রথম পর্বের হ্যাকিংয়ের ঘটনায় দায় এড়াতে পারেননি তৎকালীন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম। দায়িত্বে অবহেলার অভিযোগে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। কিন্তু এত দিনেও আত্নসাৎকৃত অর্থ উদ্ধার কিংবা হ্যাকারদের শনাক্ত করে আইনের আওতায় আনার ক্ষেত্রে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি।
এরপর চলতি ২০২৫ সালের জানুয়ারি-জুন মেয়াদে উপজেলার বাকি ২৭টি বিদ্যালয়ও একই প্রতারণার কবলে পড়ে। অর্থাৎ পুরো উপজেলার ৫৪টি বিদ্যালয়ই এখন হ্যাকারদের লক্ষ্য বস্তুতে পরিণত হয়েছে।
কালাইয়ে শিক্ষা উপবৃত্তি একডালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হাকিম বলেন, ‘আগে হ্যাকারদের জিম্মিতে ছিল ২৭টি বিদ্যালয়, এখন পুরো উপজেলার ৫৪টিই তাদের দখলে। এ অবস্থা চলতে থাকলে প্রাথমিক শিক্ষা কার্যক্রম নিরাপত্তা মারাত্নক ঝুঁকিতে পড়বে।’ মাদাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ বলেন, ‘জাতীয় পরিচয়পত্র ছাড়া নগদ অ্যাকাউন্ট খোলা সম্ভব নয়। তাহলে কি ভাবে একই পরিচয়পত্রে ভিন্ন মোবাইল নম্বর যুক্ত করেঅ্যাকাউন্ট চালু হচ্ছে?’
উপজেলা নির্বাহী কর্মকর্তা এই অনাকাক্সিক্ষত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে জানান, সরকার প্রদত্ত উপবৃত্তি যাতে প্রকৃত অভিভাবকের হাতে পৌঁছে তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা এরই মধ্যে দেওয়া হয়েছে।
জয়পুরহাট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মমিনুল ইসলাম জানান, পুরো বিষয়টি জেলা প্রশাসনের মাধ্যমে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। পাশাপাশি সফটওয়্যার ব্যবস্থার দুর্বলতা চিহ্নিত, মোবাইল নম্বর পরিবর্তনের উৎস শনাক্ত এবং হ্যাকারদের চিহ্নিত করতে সাইবার অপরাধ দমন সংস্থার সহযোগিতা নেওয়া হচ্ছে।


প্রকাশিত: জুলাই ১৩, ২০২৫ | সময়: ৪:১৯ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর