দুই মাস আগে সব জানিয়ে দেওয়া হবে: ভোট নিয়ে সিইসি

সানশাইন ডেস্ক: ত্রয়োদশ সংসদ নির্বাচনের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
তিনি বলেছেন, “ভোটের দুই মাস আগে একদম পুরা ডিটেইলস জানায়ে দেব কোন দিন ভোট হবে, কোন দিন নমিনেশন হবে। সুতরাং একটু ধৈর্য ধরেন। প্লিজ ওয়েট অ্যান্ড সি। যথাসময়ে আপনারা জানতে পারবেন আমাদের প্রস্তুতির বিষয়ে।” সোমবার বিকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ‘রিপোর্টার্স ফোরাম ফর ডেমোক্রেসির’ (আরএফডি) ফল উৎসব ও সাংবাদিক অ্যাক্সেস কার্ড প্রদান অনুষ্ঠানে একথা বলেন সিইসি। অন্য তিন নির্বাচন কমিশনারও অনুষ্ঠানে ছিলেন।
আওয়ামী লীগ সরকারের সময়ের নির্বাচনগুলোতে পুলিশ ও প্রশাসনের দভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে’ মন্তব্য করে ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সেই ভাবমূর্তি ফেরানোর সুযোগ হিসেবে দেখছেন সিইসি। তিনি বলেন, “২০১৮ সালের মত অভিযোগ আর যেন না ওঠে। প্রশাসন, পুলিশ, প্রিসাইডিং অফিসার, সব কর্মকর্তাদের বলব এটা ভাবমূর্তি পুনরুদ্ধারের সময়। প্রমাণ করুন আমরা পারি। যেমন ১৯৯১, ১৯৯৬, ২০০১ সালে পেরেছিলাম, এবারও পারব।
“আমাদের এই যে প্রশাসনের ইমেজ ক্ষুণ্ন হয়েছে, এদের ভাবমূর্তি সিরিয়াসলি অ্যাফেক্টেড হয়েছে। পুলিশের ভাবমূর্তি সিরিয়াসলি অ্যাফেক্টেড হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি সিরিয়াসলি অ্যাফেক্টেড হয়েছে। এই ভাবমূর্তি পুনরুদ্ধারের জন্য এটাই হচ্ছে সুযোগ।” সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, “যে ভাবমূর্তি নষ্ট হয়েছে, সেটা থেকে আপনারা উঠে আসুন। আমরা প্রমাণ করতে চাই যে আমরা পারি, সরকারি কর্মচারীরা পারে, আইনশৃঙ্খলাবাহিনী পারে যদি তারা সত্যিকার অর্থে আন্তরিক হয়।”
মানুষ ১৫ বছর ধরে ভোটের অধিকার প্রতিষ্ঠার লড়াই করেছে মন্তব্য করে নাসির উদ্দিন বলেন, “এখন সময় এসেছে দায়িত্ব পালনের। এখন আমাদের বার্তা হবে ভোট দিন, নাগরিক দায়িত্ব পালন করুন। এ দায়িত্ব পালনে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” সংবাদ প্রকাশের ক্ষেত্রে সাংবাদিকদের সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার।
তিনি বলেন, “দেখেছি অনেক সময় ভেতরে পজিটিভ রিপোর্ট থাকলেও হেডলাইন বা স্ক্রলে নেগেটিভ বার্তা থাকে। এতে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়, মন খারাপ হয়। দয়া করে ক্যাপশন (হেডলাইন) এমন দিন, যাতে মানুষ পজিটিভ বার্তা বুঝতে পারে।”
গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করে সিইসি বলেন, “আমরা আজকে যা কিছু করছি, তা আপনাদের মাধ্যমেই দেশ-বিদেশে ছড়িয়ে পড়ছে। কানাডার হাইকমিশনারের সঙ্গে আজকে আলাপের সময় দেখি উনি সব জানেন; ভোটার রেজিস্ট্রেশন, ইউএনডিপির সহযোগিতা, ক্যামেরা, ল্যাপটপ সবকিছু। তার মানে আমাদের সংবাদগুলো আন্তর্জাতিকভাবে পৌঁছাচ্ছে। এজন্য আপনাদের (সাংবাদিকদের) আন্তরিক ধন্যবাদ জানাই।” আরএফইডির সভাপতি কাজী এমাদ উদ্দীন (জেবেল) অনুষ্ঠানে সভাপতি ছিলেন। সংগঠনটির সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী অনুষ্ঠান সঞ্চালনা করেন।


প্রকাশিত: July 9, 2025 | সময়: 5:13 am | সুমন শেখ