বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট: জয়পুরহাটে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু হয়েছে। গত রোববার বিকেলে জয়পুরহাট সদর উপজেলার সগুনাচড়া দক্ষিণ দিওর গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহতরা শিশুরা হলো, জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়নের সগুনাচড়া দক্ষিন দিওর গ্রামের হারুনুর রশিদ হারুনের ছেলে আবির হোসেন (৬) ও একই গ্রামের হাবিবের মেয়ে হুমাইরা আক্তার (৭)।
সদর থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে বাড়ি থেকে খেলতে বের হয় শিশু আবির হোসেন ও হুমাইরা আক্তার। এক পর্যায়ে গ্রামের একটি পুকুরের ধারে খেলছিল তারা। ধারণা করা হচ্ছে, অসাবধানতা বশত দুজনেই পুকুরে পড়ে ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুটি শিশুর অকাল মৃত্যুতে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন।
জয়পুরহাট থানার ওসি (তদন্ত) নাজমুল কাদের জানান, এটি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। তবে এ ঘটনায় নিহতদের পরিবারের কোনো অভিযোগ পাওয়া যায়নি।