সর্বশেষ সংবাদ :

সমতা ফেরাল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: ঘটনাবহুল ৪৯তম ওভারে আসিথা ফার্নান্দোকে বোল্ড করে বাংলাদেশের জয় নিশ্চিত করলেন তানজিম হাসান। ১৬ রানের জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ। ওভারের তৃতীয় বলে কট বিহাইন্ডের আবেদন করে সাড়া না পাওয়ায় রিভিউ নেন মেহেদী হাসান মিরাজ। বৃথা যায় সেটি। পরের বলে ফিরতি ক্যাচের সুযোগ পেলেও নিতে পারেননি তানজিম।
পঞ্চম বলে আর কোনো সুযোগ নয়। আসিথার অফ স্টাম্প উপড়ে দিয়েই উল্লাসে ফেটে পড়েন পেস বোলিং অলরাউন্ডার।
আর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ১৩ ওয়ানডেতে এটিই বাংলাদেশের প্রথম জয়। সব মিলিয়ে সাত ম্যাচ পর এই সংস্করণে জয়ের দেখা পেল তারা। পাল্লেকেলেতে মঙ্গলবার সিরিজ নির্ধারণী ম্যাচে লড়বে দুই দল। আড়াইশ ছুঁইছুঁই লক্ষ্যে কুসাল মেন্ডিসের ঝড়ো ব্যাটিংয়ে উড়ন্ত শুরু পেয়েছিল শ্রীলঙ্কা। মাত্র ২০ বলে ফিফটি করে ফেলেন অভিজ্ঞ কিপার-ব্যাটসম্যান। প্রথম পাওয়ার প্লেতে শ্রীলঙ্কা করে ফেলে ৭৫ রান।
পরে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। বিশেষ করে দ্বিতীয় ওয়ানডে খেলতে নামা তানভির ইসলাম করেন চমৎকার বোলিং। প্রথম ২ ওভারে ২২ রান খরচ করা বাঁহাতি স্পিনার পরের ৮ ওভারে দেন মাত্র ১৭ রান। বিপরীতে নেন ৫টি উইকেট। শেষ দিকে জানিথ লিয়ানাগে ৮৫ বলে ৭৮ রানের ইনিংসে লড়াই করলেও পরাজয়ের ব্যবধান কমানো ছাড়া আর কিছুই করতে পারেননি। সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ: ৪৫.৫ ওভারে ২৪৮ (পারভেজ ৬৭, তানজিদ ৭, শান্ত ১৪, হৃদয় ৫১, মিরাজ ৯, শামীম ২২, জাকের ২৪, তানজিম ৩৩*, হাসান ০, তানভির ৪, মুস্তাফিজ ০; আসিথা ৯-০-৩৫-৪, থিকশানা ৭-০-৩২-০, চামিরা ৭-০-৩৭-১, আসালাঙ্কা ৩-০-২৪-১, ওয়েলালাগে ৮-০-৩২-০, হাসারাঙ্গা ৯.৫-১-৬০-৩, কামিন্দু ২-০-১৯-০), শ্রীলঙ্কা: ৪৮.৫ ওভারে ২৩২ (মাদুশকা ১৭, নিসাঙ্কা ৫, কুসাল ৫৬, কামিন্দু ৩৩, আসালাঙ্কা ৬, লিয়ানাগে ৭৮, ওয়েলালাগে ১, হাসারাঙ্গা ১৩, থিকশানা ২, চামিরা ১৩*, আসিথা ২; হাসান ৭-০-৪৩-০, তানজিম ৪.৫-০-৩৪-২, তানভির ১০-২-৩৯-৫, মুস্তাফিজ ৮-০-৫৬-১, মিরাজ ১০-০-৩৭-১, শামীম ৯-১-২২-১)


প্রকাশিত: July 6, 2025 | সময়: 2:56 am | সুমন শেখ