জয়পুরহাটে জুলাই গণঅভ্যুত্থানে আহত ৯৬ জনের মাঝে চেক বিতরণ

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে জুলাই গণঅভ্যুত্থানে আহত ৯৬ জন জুলাই যোদ্ধার মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১ টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই চেক হস্তান্তর করা হয়। ‘সি’ ক্যাটাগরিভুক্ত জয়পুরহাট জেলার ৫টি উপজেলার ৯৬ জন আহত জুলাই যোদ্ধার মাঝে মোট ৯৬ লাখ টাকার অনুদান প্রদান করেন জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।
অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জয়পুরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমার, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তুলসী চন্দ্র রায়, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক হাসিবুল হক সানজিদ।
এ সময় জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী বলেন, যতবারই জুলাই যোদ্ধাগণের সাথে একত্রিত হই, প্রতিবারই নতুন করে শক্তি পাই। প্রশাসন ও সাংবাদিক প্রত্যেকেই আপনাদের দেখে সঠিকভাবে কাজ করার অনুপ্রেরণা পাই। যাদের দেশ নিয়ে ভাবার কথা নয়, তাদেরকেও সেদিন রাজপথে নামতে হয়েছিল।
এই চেক শুধুমাত্র আর্থিক অনুদান নয়, এটি আপনাদের জন্য একটি সম্মাননা। এই অর্থ ব্যয়ে আপনারা যেন আগামীতে স্বাবলম্বী হতে পারেন সেদিকে খেয়াল রাখতে হবে। আপনারা সরকারের সহযোগিতায় আগামীতে নিজেদের একজন করে সফল উদ্যোক্তা তৈরী করবেন এই প্রত্যাশা করছি। আপনারা সফল হলেই আমাদের তথা সরকারের স্বপ্ন পুরুণ হবে।


প্রকাশিত: মে ১৭, ২০২৫ | সময়: ৪:২১ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর