বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপনে বাংলাদেশ পুলিশ একাডেমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও বৈশাখী মেলা

মিজানুর রহমান, চারঘাট:

বিগত বছরের ক্লান্তি আর জরাকে পেছনে ফেলে নতুন স্বপ্নে, নতুন আশায় বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করেছে বাংলাদেশ পুলিশ একাডেমী, সারদা, রাজশাহী।

 

সোমবার সকালে একাডেমীর বৈশাখী প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ শুরু হয়ে একাডেমীর চারপাশ প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। “নববর্ষের ঐকতান, ফ্যা/সিবাদের অবসান” প্রতিপাদ্যকে সামনে রেখে এই আয়োজনে নেতৃত্ব দেন একাডেমীর প্রিন্সিপাল ব্যারিস্টার মো: জিল্লুর রহমান।

 

গ্রামবাংলার ঐতিহ্য ধারণ করে ঘোড়ায় চড়ে শোভাযাত্রার নেতৃত্ব দেন তিনি। উৎসবমুখর এ আয়োজনে একাডেমীর পুলিশ কর্মকর্তা, সদস্য, প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী-সহ সকল পর্যায়ের কর্মীরা অংশগ্রহণ করেন। ঐতিহ্যবাহী বাদকদলের উপস্থিতি ও গান-বাজনায় শোভাযাত্রা হয়ে উঠে প্রাণবন্ত।

 

শোভাযাত্রা শেষে সকালেই শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রশিক্ষণার্থীরা পরিবেশন করেন বাংলার ঐতিহ্যবাহী গান, বাঁশি ও নৃত্য। অনুষ্ঠানটি একাডেমীর সদস্যদের কর্মস্পৃহা বাড়াতে কার্যকর ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন প্রিন্সিপাল ব্যারিস্টার মো: জিল্লুর রহমান।

 

এর আগে তিনি বাংলা নববর্ষ উপলক্ষে একাডেমীর কর্মকর্তা, পুলিশ সদস্য, সিভিল স্টাফ ও প্রশিক্ষণার্থীদের শুভেচ্ছা জানান এবং পান্তাভাত পরিবেশনার মাধ্যমে বর্ষবরণ উৎসবের শুভ উদ্বোধন করেন।

 

বিকেলে গ্রামবাংলার খেলার উৎসব গুলোর মধ্যে ছিলো, হাডুডু, বালিশ যুদ্ধ, পিলো পাসিং, যেমন খুশি তেমন সাজো প্রচলিত গ্রামীণ খেলায় অংশ নেন সকল পর্যায়ের সদস্যরা।

 

দিনের শেষাংশে ‘আপনহারা’ প্রাঙ্গণে দুই দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেন প্রিন্সিপাল। পরে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন তিনি এবং একাডেমীতে কর্মরত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

 

বৈচিত্র্যময় এ আয়োজনে বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের এক অসাধারণ মিলনমেলা উপভোগ করেছে বাংলাদেশ পুলিশ একাডেমী পরিবার।

সানশাইন/রাজ


প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৫ | সময়: ২:১৮ অপরাহ্ণ | Daily Sunshine