, , ।
রাবি প্রতিনিধি :
সৌরভ (ছন্দনাম) বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য রাজশহী থেকে পড়াশোনা করছে । রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ভর্তি পরীক্ষা জন্য পছন্দক্রমে প্রথম কেন্দ্র হিসেবে দিয়েছিলো রাজশাহী বিশ্ববিদ্যালয় । কিন্তু তার কেন্দ্র পড়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। যদিও সেটি তার পছন্দক্রমে শেষে ছিলো। একই ঘটনা ঘটেছে রংপুরে ইমরানের (ছদ্মনাম) সাথেও। সেও রংপুরে বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছে ; পরীক্ষার জন্য কেন্দ্র পছন্দক্রমে প্রথমেই রেখেছিলো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর কিন্তু রাবি ভর্তি পরীক্ষার কেন্দ্র পড়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে।
বুধবার ( ৫ মার্চ) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ পেলে এরকম অসঙ্গতি দেখা যায়।
একটি ইউনিটের আসন বিন্যাস বিশ্লেষণ করলে দেখা যায় ৩০ হাজারের অধিক পরীক্ষার্থী তাদের প্রথম পছন্দের কেন্দ্রে পরীক্ষা দিতে পারবে না। সেক্ষেত্রে রাজশাহীর ১২৮০০ জন, রংপুরের ১৩০০০, খুলনার ৫৫০০ জনের অধিক পরীক্ষার্থীকে ঢাকা কিংবা চট্রগ্রামে যেতে হবে। তবে সাড়ে ১৮ হাজারের অধিক পরীক্ষার্থীকে চট্টগ্রামে গিয়ে পরীক্ষা দিতে হবে। এক্ষেত্রে সবচেয়ে বেশি বিড়ম্বনার স্বীকার হবে রংপুর বিভাগ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. ছাইফুল ইসলাম গণমাধ্যমকে জানান, ভর্তি কমিটির সভায় সিদ্ধান্ত অনুসারে শুধুমাত্র বিভাগীয় শহরের সরকারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে ভর্তি পরীক্ষা নিতে হবে।
এক্ষেত্রে সমস্যা যেটা হয়েছে, যে প্রতিষ্ঠানে পরীক্ষা নেওয়ার আসন কম, সেখানে বেশি আবেদন করেছে। আবার যেখানে সিট বেশি সেখানে কম আবেদন করেছে। তাই মেরিট অনুসারে সিট প্ল্যান করা হয়েছে। ফলে এই সমস্যা হয়েছে।
তাছাড়া এক শিফটে পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে এ মুহূর্তে বিকল্প ব্যবস্থা নেওয়া খুবই কঠিন। পরবর্তীকালে বিষয়টি মাথায় রেখে কাজ করা হবে।
সার্বিক ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির আহ্বায়ক উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দীন বলেন, বিষয়টি জেনেছি। আইসিটি সেন্টারে পরিচালকের সঙ্গে কথা বলে কীভাবে সমস্যাটা সমাধান করা যায়, সেটা নিয়ে কাজ করছি।
এদিকে পরীক্ষার্থীদের একটি অংশের জন্য সমস্যা তৈরি হওয়ায় বিষয়টি পর্যালোচনার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামীকাল জরুরি ভিত্তিতে ভর্তি উপ-কমিটির সভা আহ্বান করেছে। বুধবার রাতেই বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সানশাইন/নাজমুল /শামি