আজ (শনিবার) রাতে ৪ ঘণ্টা বিঘ্নিত হবে ইন্টারনেট সেবা

সানশাইন ডেস্ক: পটুয়াখালীর কুয়াকাটায় সাবমেরিন ক্যাবল স্টেশনে সংযুক্ত সব সার্কিটের ব্যান্ডউইথ পরিষেবা রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ শনিবার রাতে ৪ ঘণ্টা ইন্টারনেট বিঘ্নিত হতে পারে। এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) এক বিজ্ঞপ্তিতে।

 

 

এতে বলা হয়, কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল সিস্টেমের SEA-ME-WE-5 (SMW5) কনসোর্টিয়াম কর্তৃক আজ শনিবার (২৮ সেপ্টেচম্বর) দিনগত রাত ২টা থেকে পরদিন রোববার ভোর ৬টা পর্যন্ত মোট ৪ ঘণ্টা সাবমেরিন ক্যাবল লাইটিং ফিল্টার স্থাপন করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

 

 

এই সময় SMW5 সাবমেরিন ক্যাবলের মাধ্যমে কুয়াকাটা ল্যান্ডিং স্টেশনে সংযুক্ত সব সার্কিটের ব্যান্ডউইথ পরিষেবা বন্ধ থাকবে। তবে একই সময়ে কক্সবাজার ল্যান্ডিং স্টেশন হতে SEA-ME-WE-4 (SMW4) সাবমেরিন ক্যাবলের সার্কিট গুলো যথারীতি চালু থাকবে। ওই রক্ষণাবেক্ষণ কাজ চলাকালীন ইন্টারনেট গ্রাহকেরা সাময়িকভাবে ইন্টারনেটের ধীরগতির সম্মুখীন হতে পারেন বা ইন্টারনেট সেবায় বিঘ্ন ঘটতে পারেও বলে জানানো হয়। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিএসসিপিএলসি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।


প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৪ | সময়: ৩:৫০ অপরাহ্ণ | Daily Sunshine