বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার :
হঠাৎ বন্যা পরিস্থিতি তীব্র আকার ধারণ করেছে বাংলাদেশের ফেনী, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলে। সবচেয়ে ভয়াবহ অবস্থা দাড়িয়েছে ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায়। বন্যার পানিতে তলিয়ে গেছে বাড়িঘর, রাস্তাঘাট, ফসলি জমি। এখনো লাখ লাখ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে এসব জায়গায়। বন্যা পরিস্থিতিতে এসব এলাকা পুরোপুরি বিদ্যুতহীন হয়ে পড়েছে। বন্ধ হয়ে গেছে মোবাইল নেটওয়ার্কও।
ঠিক এমন মুহুর্তে বন্যা কবলিত দুর্গম অঞ্চলে সাধারণ মানুষের সাহায্যে ছুটে চলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সহ সরকারি-বেসরকারি সংস্থা, বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনসহ অন্যান্য পেশাজীবী, সামাজিক সংগঠনের সর্বস্তরের স্বেচ্ছাসেবক নেতাকর্মীবৃন্দ।
এরই ধারাবাহিকতায় কেন্দ্রীয় নির্দেশে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন বন্যার্তদের সাহায্যে দলের পক্ষ থেকে কাজ করছেন। কুমিল্লার ফেনী অঞ্চলে ক্ষতিগ্রস্ত সাধারণের মধ্যে ২৫ আগস্ট থেকে তিনি ত্রাণ সাহায্য নিয়ে মানুষের দ্বারে ঘুরে বিতরণ করছেন। খোঁজ নিচ্ছেন বন্যায় ক্ষতিগ্রস্ত জনসাধারণের। দেশের কঠিন সময়ে বিএনপি মানুষের পাশে থাকে উল্লেখ করে মুঠোফোনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন বলেন, “আমরা কেন্দ্রের নিদের্শে বন্যায় ক্ষতিগ্রস্ত লোকদের পাশে এসে দাড়িয়েছি। আপনারা জানেন বিএনপি এমন একটি দল যে দল দেশের কঠিন সময়ে জনগণের পাশে থাকে। যখনই ভারত পানি ছেড়ে এদেশের অসহায় মানুষদের ডুবিয়ে দিলো ঠিক তখনই আমাদের কেন্দ্রের নির্দেশনায় আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে এসে দাড়িয়েছি। আমরা বিভিন্ন দূর্গম এলাকায় আটকে পড়া মানুষদের অগ্রাধিকার দিয়ে ত্রাণ বিতরণ করছি।”
নেতাকর্মীদের বন্যার্তদের পাশে থেকে সহযোগিতা করতে নির্দেশ দিয়ে তিনি আরো বলেন, “আমাদের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ইতিমধ্যে বন্যায় আক্রান্ত মানুষদের পাশে এসে দাড়িয়েছে। আমি আমার নেতাকর্মীদের উদ্দেশ্য বলতে চাই আপনারা যে যেভাবে পারেন বন্যর্তদের সাহায্যে এগিয়ে আসুন। এখানে তারা খুবই মানবেতর জীবনযাপন করছে। আমরা সবাই মিলে সাহায্য করলে এই দূযোর্গ কাটিয়ে উঠা সম্ভব।”
এইসময় ত্রাণ বিতরণ কার্যক্রমে সেখানে উপস্থিত ছিলেন দেশবরেণ্য আলেম শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সহ বিএনপির নেতৃবৃন্দ।
সানশাইন / শামি