বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গত শুক্রবার (২৩ আগস্ট) রাতে সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী দনা এলাকা থেকে তাকে গ্রেফতার করেন। বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে, জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজকে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিজিবি বলেন, সাবেক বিচারপতি মানিক সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় স্থানীয় জনগণের তাকে ধরেন। এরপরে বিজিবি তাকে আটক করে।
এর আগে বিএনপি‘র প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে গত ১৯ আগস্ট নোয়াখালীর আদালতে মামলা করা হয়। জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান পলাশ বাদী হয়ে নোয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ নম্বর আমলি আদালতে মামলাটি করেন।
মামলায় বলা হয়েছে, এক মন্তব্যে শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না, ছিলেন পাকিস্তানের চোর। জিয়াউর রহমানের ব্যক্তিগত ও রাজনৈতিক পরিচয়ে মিথ্যাচার-সহ কালিমা লেপনের হীন উদ্দেশ্যে ইচ্ছাকৃত ভাবে মানহানিকর বক্তব্য দেন তিনি, যা প্রিন্ট, ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হয়। তার এমন মন্তব্যে জিয়াউর রহমান এবংতার পরিবারের সম্মান ক্ষুণ্ন হয়েছে। বিশেষ করে গত জুলাই মাসে ছাত্র আন্দোলনের সময় চ্যানেল আইয়ে প্রচারিত টকশোতে মানিক ঔদ্ধত্য ও কুরুচিপূর্ণ, নারী বিদ্বেষী, অপমান জনক বক্তব্য ও আচরণ করেন, যা দেশবাসী দেখেছে এবং তা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়।
এদিকে, বিচারপতি মানিকের আটকের সময়ের একটি ভিডিও ক্লিপ ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, একজন সাবেক বিচারপতি মানিকের গলায় গামছা পেছিয়ে হাত দিয়ে ধরে রেখেছেন। আরেকজন তার নাম জিজ্ঞেস করছেন। এ সময় বিচারপতি মানিক তার পুরো নাম বলেন এবং তার বাড়ি মুন্সীগঞ্জ বলে জানান। তিনি বলেন, আমি ১৫ হাজার টাকার কথা বলে সীমান্ত পার হতে চাচ্ছিলাম। পরে আমাকে দুই ছেলে ভারত সীমান্তে নিয়ে আমার সঙ্গে থাকা ৬০-৭০ লাখ টাকা এবং মোবাইল নিয়ে যায়। এ সময় কয়েকজন তাকে জিজ্ঞেস করেন, আপনি পালিয়ে যাচ্ছিলেন কেন। তখন বিচারপতি মানিক বলেন, প্রশাসনের ভয়ে পালিয়ে যেতে চাচ্ছিলাম। তখন অপর পাশ থেকে জিজ্ঞেস করা হয়, আপনি তো অনেক জুলুম করেছেন। তখন এর উত্তরে মানিক বলেন, আমি কোনো জুলুম করিনি।
সাবেক চিফ হুইপ আম ফিরোজ গ্রেফতার: জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজকে গতকাল রাতে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. ওবায়দুর রহমান এক এসএমএসে এ তথ্য নিশ্চিত করেছেন।
তবে ফিরোজকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করে কিছু জানানো হয়নি। পটুয়াখালী-২ আসনের আ.লীগের সাবেক সংসদ সদস্য আ স ম ফিরোজ দশম জাতীয় সংসদে চিফ হুইপের দায়িত্ব পালন করেন।
গত ৫ আগস্ট আ.লীগ সরকারের পদত্যাগ এরপর সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রী ও এমপিদের অনেকেই আটক হয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ এসব মন্ত্রী-এমপি ও আ.লীগ নেতাদের নামে সারা দেশে একের পর এক হত্যা মামলা হচ্ছে।