নবম-দশম শ্রেণিতে আবারও আলাদা বিভাগ হচ্ছে -ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ

নিজস্ব প্রতিবেদক: আবারও নবম শ্রেণি থেকে বিষয়-ভিত্তিক অর্থাৎ মানবিক বিভাগ, বিজ্ঞান বিভাগ এবং বাণিজ্য বিভাগ আলাদা থাকবে বলে জানিয়েছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ।

 

আজ বুধবার (২১ আগস্ট) বিকেলে সচিবালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

 

 

বিকেলে সংবাদ সম্মেলনে ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, নবম শ্রেণি থেকে আবারও বিষয়-ভিত্তিক বিভাগ আলাদা করা হবে।

 

বই ছাপাতে এবার কোনো ধরনের দুর্নীতি হবে না জানিয়ে তিনি আরও বলেন, ইতি-মধ্যে যেসব বই ছাপার দরপত্র আহ্বান করা হয়েছিল, তা বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে। এবার বই ছাপার মান ও কাগজের মান ভালো হবে। কারণ, এবার কোন দুর্নীতি হবে না।

 

শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা বলেন, দেশের সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য (ভিসি) নিয়োগের প্রক্রিয়া চলছে। সবার গ্রহণ যোগ্য ব্যক্তিকে ভিসি নিয়োগ করা হবে বলে উল্লেখ করে সবার সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

 

 

এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিলের বিষয়ে ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, এইচএসসি পরীক্ষা অর্ধেক হয়ে গিয়েছিল। গতকাল অনভিপ্রেত ঘটনা ঘটেছে। এটা দুঃখ জনক। বোর্ড বাকি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত হয়েছে। এই বিষয়ে আরও যৌক্তিক চিন্তা ভাবনার অবকাশ ছিল। ১২-১৩ লাখ শিক্ষার্থী পরীক্ষা দেবে।

 

 

উল্লেখ্য, ১৯৫৯ সালে নবম শ্রেণি থেকে বিভাগ বিভাজন চালু হয়েছিল। ৬৫ বছর ধরে এ নিয়মে চলেছে শিক্ষা পদ্ধতি। স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার পর দফায় দফায় শিক্ষাক্রম পরিবর্তন হলেও এ প্রথা কখনো ভাঙা হয়নি। অবশেষে চলতি বছর তা পরিবর্তন করা হয়। ৬৫ বছর পর চলতি শিক্ষাবর্ষে নবম শ্রেণির শিক্ষার্থীদের সবাই একই বিষয় পড়ছে। নতুন শিক্ষাক্রম অনুযায়ী বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য শাখার বিভাজন নেই। সবার এক বইয়ে লেখাপড়া করছে।

সানশাইন/ আর এক্স


প্রকাশিত: আগস্ট ২১, ২০২৪ | সময়: ৮:৪৮ অপরাহ্ণ | Daily Sunshine