সর্বশেষ সংবাদ :

হামলার মূল লক্ষ্য ছিল শ্রীলঙ্কার মতো পরিস্থিতি তৈরি করা -প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: দেশের সাম্প্রতিক সহিংসতাকে সন্ত্রাসী হামলার কাছা-কাছি বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এটি মোটেও কোনো আন্দোলন ছিল না এবং এক পর্যায়ে এটি প্রায় সন্ত্রাসী হামলায় পরিণত হয়েছিল। এই হামলার মূল লক্ষ্য ছিল শ্রীলঙ্কার মতো পরিস্থিতি তৈরি করে তারা সরকারকে ক্ষমতাচ্যুত করা।

 

আজ বুধবার (৩১জুলাই) বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা প্রধান মন্ত্রীর সঙ্গে গণভবনে সাক্ষাৎ করতে গেলে তিনি এ সকল বিষয়ে কথা বলেন।

 

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এম নাঈমুল ইসলাম খান সাংবাদিকদের ব্রিফ করেন।

 

প্রধানমন্ত্রী রাষ্ট্রদূতকে বলেছেন, সহিংসতাকারীরা আসলে তার (শেখ হাসিনা) সরকারকে উৎখাতের জন্য শ্রীলঙ্কায় যেমনটি ঘটেছিল, ঠিক সেরকম পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছিল।

 

তিনি আরও বলেন, প্রকৃতপক্ষে তারা (নৈরাজ্যকারীরা) শ্রীলঙ্কার মতো সহিংসতা সৃষ্টি করে সরকারকে উৎখাতের পরিকল্পনা করেছিল।

 

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান এবং অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন এ সময় উপস্থিত ছিলেন।


প্রকাশিত: July 31, 2024 | সময়: 7:18 pm | Daily Sunshine