, , ।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
অবিলম্বে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের দাবি জানিয়েছে রাকসু আন্দোলন মঞ্চ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের আমতলা চত্ত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনের নেতারা। এসময় তারা নিহত রাবি শিক্ষার্থী গোলাম মোস্তফা শাহরিয়ারের মৃত্যুর সঠিক তদন্ত করে মৃত্যুর রহস্য উদ্ঘাটনের দাবিসহ ১৬ দফা দাবি উপস্থাপন করেন।
সংবাদ সম্মেলনের শুরুতে নিহত শাহরিয়ারের আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর বক্তব্য রাখেন রাকসু আন্দোলন মঞ্চের সদস্য সচিব আমান উল্লাহ খান। শেষে ১৬টি দাবি তুলে ধরেন রাকসু আন্দোলন মঞ্চের সমন্বয়ক আব্দুল মজিদ অন্তর। এসময় দাবিসমূহ আদায়ের লক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেন তিনি।
মাসব্যাপী কর্মসূচির মধ্যে প্রথম দুই সপ্তাহব্যাপী শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ ও শিক্ষক-শিক্ষার্থীদের গণস্বাক্ষর সংগ্রহ করা হবে। পরবর্তী দুই সপ্তাহ নিয়মিত সেমিনার এবং নভেম্বরের শেষের দিকে একটা ছাত্র সমাবেশ করা হবে।
সংবাদ সম্মেলনে আমান উল্লাহ খান বলেন, বিশ্ববিদ্যালয় থেকে হিউম্যান রিসোর্স প্রোডাক্ট বের হবে। এখান থেকে কবি, সাহিত্যিক, বৈজ্ঞানিক ও গবেষকের পাশাপাশি ভালো রাজনীতিবিদ বের হবে। কিন্তু রাজনীতিবিদ তৈরির যে প্রক্রিয়া সেই রাকসু বন্ধ থাকার কারণে সেটি হচ্ছে না। এই রাকসুর সাবেক নেতারা আজ দেশকে লিড দিচ্ছে। কারণ সেখানে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া ছিল। তারা হাজার হাজার শিক্ষার্থীকে নেতৃত্ব দিয়েছিল ফলে তাদের মধ্যে নেতৃত্বের গুণাবলি ফুটে উঠেছে। কিন্তু দীর্ঘদিন রাকসু বন্ধ থাকার কারণে সেটি হচ্ছে না।
লিখিত বক্তব্যে আব্দুল মজিদ অন্তর বলেন, অবিলম্বে রাকসু নির্বাচন দিয়ে পূর্ণাঙ্গভাবে সিনেট কার্যকর করতে হবে। প্রয়োজনীয় আবাসিক হল নির্মাণ করতে হবে এবং প্রতিটি হলে সিট সংক্রান্ত বিষয়াবলি অনলাইনে হালনাগাদ করতে হবে। হলে রাজনৈতিক ব্লকের নামে দখলদারিত্ব নিষিদ্ধ করতে হবে। ডাইনিং এবং ক্যান্টিনে খাবারের মান বৃদ্ধি ও খাবারের মূল্য কমিয়ে পর্যাপ্ত পরিমাণ ভর্তুকির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। কেন্দ্রীয় গ্রন্থাগার প্রতিদিন ও সার্বক্ষণিক খোলা রাখতে হবে। পরিবহণের রুট বৃদ্ধিসহ পরিবহন দপ্তরে পর্যাপ্তসংখ্যক বাস সংযুক্ত করতে হবে। বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে সার্বক্ষণিক চিকিৎসকের অবস্থান, প্রয়োজনীয় মাত্রার উন্নত মানের ওষুধ সংরক্ষণ, রোগনির্ণয়, সর্বাধুনিক পরীক্ষণ যন্ত্রপাতি, ব্যবস্থাপত্র ও চিকিৎসা সেবার ব্যবস্থা রাখতে হবে।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে গবেষণা খাতে বরাদ্দকৃত বাজেট বৃদ্ধি এবং উন্নত মানের গবেষণার পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি সম্মানীসহ গবেষণা সহকারী হিসেবে শিক্ষার্থীদের কাজ করার সুযোগ সৃষ্টি করতে হবে। পূর্ণাঙ্গ টিএসসিসি নির্মাণ করতে হবে। হল, প্রশাসন এবং বিভাগসমূহে নামে বেনামে আদায়কৃত সকল ধরনের অযৌক্তিক ফি বাতিল করতে হবে। শিক্ষাসনদ ও নম্বরপত্র উত্তোলন এবং সংশোধনে সকল কার্যক্রম অনলাইনের আওতায় আনতে হবে।
ক্যাম্পাসে জলাবদ্ধতা নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। ক্যাম্পাসে চুরি, ছিনতাই, শিক্ষার্থী নির্যাতন এবং যৌন হয়রানী বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং ছাত্রী হল সমূহের সান্ধ্য আইন বাতিল করতে হবে। বাণিজ্যিক সান্ধ্য কোর্স বাতিল করতে হবে। বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষার উত্তরপত্রে রোল নম্বর এর পরিবর্তে মাধ্যমিক পরীক্ষার মতো কোড সিস্টেম চালু করতে হবে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় চলমান পোষ্য কোটা বাতিল করতে হবে।
এছাড়াও নিহত রাবি শিক্ষার্থী গোলাম মোস্তফা শাহরিয়ারের মৃত্যুর সঠিক তদন্ত করে মৃত্যুর রহস্য উদ্ঘাটন করা এবং রামেকে কর্তব্যরত চিকিৎসকদের দায়িত্বে অবহেলা ছিল কিনা ও রাবি শিক্ষার্থীদের ওপর হামলার সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিও জানান তিনি।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে রাবি ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাঈমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাকিব হাসান, নাগরিক ছাত্র ঐক্যের সাধারণ সম্পাদক মীর আলহাজ, ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক মহব্বত হোসেন মিলন, হবিবুর রহমান হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মহারাজ প্রমুখ উপস্থিত ছিলেন।
সানশাইন/টিএ