বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।

কমছে আবেদনের যোগ্যতা
এবারের ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা কমিয়েছে ঢাবি। ভর্তি কমিটির সভা সূত্রে জানা যায়, এবার ‘ক’ ইউনিটে আবেদন করতে হলে এসএসসি ও এইচএসসিতে আলাদাভাবে ন্যূনতম জিপিএ-৩.৫ সহ মোট ৮ (আগে ছিল ৮.৫); খ ইউনিটে আলাদাভাবে জিপিএ-৩ সহ মোট ৭.৫ (আগে ছিল ৮); গ ইউনিটে আলাদাভাবে জিপিএ-৩.৫ সহ মোট ৭.৫ থাকতে হবে (আগে ছিল ৮)। বিভাগ পরিবর্তনে ‘ঘ’ ইউনিটে নিজ নিজ ইউনিটে যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করা যাবে। এছাড়া ‘চ’ ইউনিটে আবেদন করতে হলে এসএসসি ও এইচএসসিতে আলাদাভাবে জিপিএ-৩ সহ মোট ৬.৫ থাকতে হবে (আগে ছিল ৭)। ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ করা হবে।
আবেদন ফি বেড়েছে
চলতি বছর ঢাবিতে ভর্তি আবেদনের ফি বাড়ছে। ঢাবিতে ভর্তি আবেদনের জন্য এ বছর ১ হাজার টাকা ফি নির্ধারণ করা হয়েছে, যা গত বছর ছিল ৬৫০ টাকা। সভা সূত্রে জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষে ভর্তি পরীক্ষার ৯৫৬ টাকা ৫০ পয়সা, অনলাইন সার্ভিস চার্জ ৩০ টাকা ও ব্যাংক পেমেন্ট সার্ভিস চার্জ ১৩ টাকা ৫০ পয়সাসহ মোট ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। চারটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের (সোনালী, অগ্রণী, জনতা ও রুপালী) যে কোনো শাখায় ফি জমা দেওয়া যাবে।
কমেছে আসন
শিক্ষার গুণগত মানোন্নয়নের জন্য এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা কমিয়েছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী সভা সিন্ডিকেট। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট গত মাসে আসন সংখ্যা ১ হাজার ৪০টি কমানোর অনুমোদন দিয়েছে। এ অনুযায়ী এখন আসন সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৮৫টি, যা আগে ছিল ৭ হাজার ১২৫টি।